ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এশিয়া কাপ-বিশ্বকাপে সৌম্যকে দেখছেন না নাজমুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ২২ জুন ২০২৩  
এশিয়া কাপ-বিশ্বকাপে সৌম্যকে দেখছেন না নাজমুল

অনুশীলনের শুরুর দিক। একাডেমি ভবন হয়ে মাঠে যাচ্ছিলেন সৌম্য সরকার। সঙ্গী মোহাম্মদ নাঈম শেখ। একাডেমি মাঠে গিয়ে দুজন আলাদা হয়ে যান। সৌম্য একটি নেটে ব্যাটিং শুরু করেন। একই নেটে সৌম্যর সঙ্গী হন শামীম হোসেন পাটোয়ারী। দুজনে পাল্টাপাল্টি করে এই নেটে ব্যাটিং করতে থাকেন লম্বা সময় ধরে।

সৌম্য কিংবা শামীম দুজনের কেউই নেই ওয়ানডে দলে। শামীম টি-টোয়েন্টি দলে থাকলেও সৌম্য কোনো সংস্করণে নেই দীর্ঘদিন ধরে। কিন্তু হঠাৎ করে জাতীয় দলের অনুশীলনে সৌম্যর অন্তর্ভূক্তি, তাকে নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিশেষ নজরে সবকিছু মিলিয়ে যেন বার্তা দিচ্ছে ভিন্ন কিছু।

আরো পড়ুন:

ক্যাম্পে সৌম্যর অন্তর্ভুক্তির পর আলোচনা চলছে তাকে কী তাহলে লোয়ার-মিডল অর্ডারে খেলানো হবে? বিশেষ করে সাত নম্বর পজিশনে, যেখানে বাংলাদেশ এখনো স্থায়ীভাবে কাউকে পায়নি। লোয়ার-মিডল অর্ডারে শামীমের সঙ্গে সৌম্য নেট সেশন দেখে আলোচনার ভিত আরও শক্ত করে। সৌম্য ব্যাটিংয়ের সঙ্গে মিডিয়াম পেস করতে পারেন অন্যদিকে শামীমের স্পিন বোলিংয়ের দক্ষতা রয়েছে।

কিন্তু এই মুহুর্তে সৌম্যকে নিয়ে এমন কিছু ভাবছেন না বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। রাইজিংবিডিকে মুঠোফোনে নাজমুল জানিয়েছে, সাত নম্বরে খেলার জন্য সৌম্য কোনো আস্থা দেখাতে পারেননি। তাই তাকে সামনের দুই টুর্নামেন্ট এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসরে খেলানোর কোনো যৌক্তিকতা দেখছেন না।

‘এই মুহুর্তে সৌম্যর যে অবস্থান তাকে এশিয়া কাপের দলে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তাকে ইমার্জিং দলে নেওয়া হয়েছে। এগুলো প্রক্রিয়া তাকে নিয়ে আসার জন্য। এখানে যদি সে রান করতে পারে, ধারবাহিকতা ধরে রাখতে পারে তাহলে তাকে ভবিষ্যতে ভাবা যেতে পারে। তবে এখন এটার সম্ভাবনা দেখছি না।’

‘সৌম্যকে নিয়ে অনেক সংবাদ হচ্ছে, আমার মনে হয় না এরকম কোনো পরিকল্পনা আছে ম্যানেজম্যান্টের। কোনো বড় টুর্নামেন্ট খেলার আগে আন্তর্জাতিক ক্রিকেট যথেষ্ট খেলতে হবে। তারপরে সে নিজেকে প্রমাণ করতে পারলে সুযোগ আসবে। ব্যাপারটা এমন না এশিয়া কাপে ওকে নিয়ে নেওয়া হবে। যেহেতু এশিয়া কাপ খেলবে না, বিশ্বকাপে আমি তার সুযোগ দেখি না’ -আরও যোগ করেন নাজমুল। 

আর বিশেষ করে সাত নম্বর পজিশন নিয়ে সৌম্যর উপর আস্থার জায়গাটাও নেই বলে মনে করেন নাজমুল, ‘যারা দলে আছে তাদের দেখলে বোঝা যায় তারা হয়তো পারফর্ম করতে পারবে। সাম্প্রতিক বিভিন্ন টুর্নামেন্টের সৌম্য যা খেলেছে সেই আস্থার জায়গাটা তৈরি হয়নি। ব্যাটিং নিয়ে তার উপর আস্থার জায়গা নেই। ওর যদি আগের ব্যাটিং-বোলিং থাকতো তাহলে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা যেতো। কিন্তু ৭ নম্বরে ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যেই খেলুক ব্যাটিংটা প্রায়োরিটি হওয়া উচিৎ। ব্যাটিংটা নিয়ে সৌম্যর উপর আস্থার অভাব আছে যেহেতু আমি ভাবছি না এমন কিছু।’

দীর্ঘদিন রান খরায় থাকা সৌম্য সবশেষ ঢাকা লিগে সেঞ্চুরি করেন ৪৮ মাস পর। এই সেঞ্চুরি ছাড়া সৌম্যর বলার মতো কোনো পারফরম্যান্স ছিল না। টুর্নামেন্টে ১ সেঞ্চুরি ১ ফিফটিতে সৌম্যর রান ২৯৩। গড় মাত্র ২৬.৬৪! পুরো আসরে টপ অর্ডারে খেলা এই ব্যাটসম্যান চার মেরেছেন মাত্র ৩৫টি, আর ছয় ৭টি। এবার তাকে নেওয়া হয়েছে ইমার্জিং দলে। সেখানে কেমন করেন এখন সেটা দেখার।

সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের গুরু খ্যাত নাজমুল মনে করেন সৌম্য আগে ভালো খেলেছে, তাকে নার্সিং করলে ভালো করতে পারেন সেই আত্মবিশ্বাস থেকে ডাকা হয়েছে ক্যাম্পে। 

‘ওকে নিয়ে কি পরিকল্পনা সেটাতো আমি জানি না। যেকোনো খেলোয়াড়কে দেখার জন্য ক্যাম্পে নিয়ে আসতে পারে। তার মানে এই নয়, তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করে নিচ্ছে। সে একসময় ভালো খেলতো এ জন্য তাকে হয়তো আবার বাজিয়ে দেখা হচ্ছে। সে কেমন করতে পারে এটাই হয়তো মূলত কারণ।’ 

এই মুহুর্তে সৌম্যকে নিয়ে কোনো সম্ভাবনা না দেখলেও নাজমুল জানান সৌম্য যদি নিকট ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে তাহলে দল উপকৃত হবে।

‘ওর উপর বিশ্বাসটা আছে যে তাকে নার্সিং করলে ভালো করবে। তবে দ্রুত জাতীয় দলে দেখা না গেলেও ও যদি ফর্মে আসতে পারে ভবিষ্যতে তাহলে সুযোগ পাবে। ও যদি আসে তাহলে জাতীয় দল উপকৃত হবে। তবে আমার মনে হয় না সৌম্যকে নিয়ে এই মুহুর্তে কোনো পরিকল্পনা আছে।’ 

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়