ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যোগ করা সময়ে এমবাপ্পের গোলে জিতল রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:০২, ২ ফেব্রুয়ারি ২০২৬
যোগ করা সময়ে এমবাপ্পের গোলে জিতল রিয়াল

শেষ বাঁশির আগমুহূর্তে নাটক, উত্তেজনা আর বিতর্ক; সব মিলিয়ে সান্তিয়াগো বের্নাবেউ আবারও সাক্ষী হলো এক রুদ্ধশ্বাস জয়ের। রবিবার অবনমন-সংকটে থাকা রায়ো ভায়োকানোকে হারাতে রিয়াল মাদ্রিদকে অপেক্ষা করতে হয়েছে অতিরিক্ত সময়ের শেষ প্রান্ত পর্যন্ত। ম্যাচের ৯৮তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে জয়ের পথে নিয়ে যান কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচ শুরুর ধাক্কাই ছিল বড়। পেশির সমস্যায় ভুগে শুরুতেই মাঠ ছাড়তে বাধ্য হন জুড বেলিংহ্যাম। তবে সেই হতাশা কাটিয়ে ১৫ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন ভিনিসিউস। বাঁ দিক থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশে গোলটি করেন তিনি।

বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। কিন্তু রায়োর গোলরক্ষকের দৃঢ়তায় তা হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচে ফেরে অতিথিরা। বক্সের ভেতরে সুযোগ কাজে লাগিয়ে সমতা টেনে নেয় তারা, ফলে খেলা আবারও খুলে যায়।

এরপর দুই দলই একাধিক সুযোগ নষ্ট করে। কখনো ক্রসবার, কখনো পোস্ট; রিয়ালের আক্রমণ যেন ভাগ্যের পরীক্ষায় পড়ছিল। অন্যদিকে রায়োও একেবারে বসে থাকেনি। একবার একা থিবো কোর্তোয়ার মুখোমুখি হয়েও গোল আদায় করতে ব্যর্থ হয় তারা।

ম্যাচের চিত্র বদলে যায় শেষ দিকে। একটি বিতর্কিত মুহূর্তে লাল কার্ড দেখে রায়ো দশজনে পরিণত হয়। তবুও সংগঠিত রক্ষণে তারা এক পয়েন্ট বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের এক ঘটনায় সব হিসাব উল্টে যায়। ডিফেন্ডারের স্পর্শে ব্রাহিম দিয়াজ ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নেন।

দায়িত্ব নিতে ভুল করেননি এমবাপ্পে। ঠান্ডা মাথায় স্পট-কিক জালে পাঠিয়ে নিশ্চিত করেন তিন পয়েন্ট। শেষ দিকে আরেকটি হলুদ কার্ডে রায়ো নয়জনে নেমে এলেও স্কোরলাইন আর বদলায়নি।

এই জয়ের ফলে লা লিগার শিরোপা দৌড়ে চাপ বাড়াল রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনা এখনো এক পয়েন্টে এগিয়ে থাকলেও সমান ম্যাচ শেষে ব্যবধান ন্যূনতমে নামিয়ে আনল আরবেলোয়ার দল। শিরোপা লড়াই যে এখন আরও জমে উঠছে, সেটা বলাই যায়।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়