ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ম্যানসিটির জয়, চাপ বাড়ল আর্সেনালের ওপর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
ম্যানসিটির জয়, চাপ বাড়ল আর্সেনালের ওপর

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে গতি ফেরাল ম্যানচেস্টার সিটি। ফুলহ্যামের বিপক্ষে বুধবার দিবাগত রাতে একচেটিয়া আধিপত্যে ৩-০ গোলের জয় তুলে নিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে পেপ গার্দিওলার দল। এখন শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান মাত্র তিন পয়েন্ট।

ইতিহাস স্টেডিয়ামে বুধবারের ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিল সিটি। বল দখল, গতি ও পাসিং- সবকিছুতেই প্রতিপক্ষকে চাপে রাখে তারা। ২৪তম মিনিটে প্রথম গোল আসে অ্যান্টোয়ান সেমেনিওর পা থেকে। কাছাকাছি দূরত্ব থেকে নির্ভুল ফিনিশে এগিয়ে যায় স্বাগতিকরা।

আরো পড়ুন:

দ্বিতীয় গোলের নেপথ্যেও সেমেনিওর অবদান। তার ছোট পাস থেকে ছয় গজ বক্সের বাঁ প্রান্তে বল পেয়ে এক ছোঁয়ায় গোল করেন তরুণ মিডফিল্ডার নিকো ও’রাইলি। ফুলহ্যামের রক্ষণ তখন পুরোপুরি বিপর্যস্ত।

৩৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ান আরলিং হালান্ড। ফিল ফোডেনের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে জাল কাঁপান নরওয়েজিয়ান স্ট্রাইকার। সাম্প্রতিক সময়ে গোলখরায় ভোগা হালান্ড এখন আবার ছন্দে ফিরছেন। টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন তিনি।

এই গোলটি ছিল চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে হলান্ডের ২২তম গোল। যা লিগে সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ২৯। বছরের শুরুতে কয়েক ম্যাচে গোল না পেলেও সাম্প্রতিক পারফরম্যান্সে বুঝিয়ে দিচ্ছেন, বড় ম্যাচের সময় তিনি ঠিকই উপস্থিত থাকেন।

বিরতির পর ফুলহ্যাম কিছুটা সংগঠিত হয়ে আক্রমণে ওঠে। কয়েকটি সুযোগ তৈরি করলেও সিটির রক্ষণ ভাঙতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে সিটির গতি কিছুটা কমলেও ফলাফলের ওপর তার প্রভাব পড়েনি।

ডিসেম্বরে দুই দলের আগের সাক্ষাতে ৫-৪ গোলের রোমাঞ্চকর ম্যাচ হয়েছিল। এবার ফিরতি লড়াইয়ে সেই নাটকীয়তার কোনো ছাপই দেখা যায়নি। সিটি শুরুতেই সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

২৬ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৫৩ (১৬ জয়, ৫ ড্র)। শীর্ষে থাকা আর্সেনালের সংগ্রহ ৫৬, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে। অর্থাৎ শিরোপা দৌড় এখন পুরোপুরি উন্মুক্ত।

অন্যদিকে একই রাতে জয়ে ফিরেছে অ্যাস্টন ভিলা। ব্রাইটনকে হারিয়ে ৫০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তৃতীয় স্থানে। ফলে শীর্ষ তিনের লড়াই আরও জমাট। 

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়