ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলম্বোর আকাশে কালো মেঘ, অনিশ্চয়তায় ভারত-পাকিস্তান মহারণ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
কলম্বোর আকাশে কালো মেঘ, অনিশ্চয়তায় ভারত-পাকিস্তান মহারণ

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াইগুলোর একটি ভারত ও পাকিস্তানের মুখোমুখি সংঘর্ষ। মাঠে বল গড়ানোর বহু আগেই এই ম্যাচ ঘিরে আবেগ, আলোচনা আর রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের টানাপোড়েনের জেরে একসময় এই ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েই ছিল সংশয়।

বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর প্রতিবাদ হিসেবে পাকিস্তান প্রথমে ম্যাচ বর্জনের ইঙ্গিত দেয়। পরে মিত্র দেশগুলোর কূটনৈতিক অনুরোধ ও আলোচনার পর তারা অবস্থান পরিবর্তন করে। ফলে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৫ ফেব্রুয়ারির বহুল প্রতীক্ষিত ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত হয়। সমর্থকদের মাঝে শুরু হয় উৎসবের প্রস্তুতি।

আরো পড়ুন:

কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই নতুন এক অনিশ্চয়তা মাথাচাড়া দিয়ে উঠেছে। কলম্বোতে বিশ্বকাপ শুরু হওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়নি। তবে আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, রবিবারের ম্যাচের দিনে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা প্রায় পঁচাত্তর শতাংশ। সন্ধ্যার দিকে তাপমাত্রা থাকতে পারে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে প্রায় চব্বিশ শতাংশ।

প্রাক্কলন অনুযায়ী সেদিন প্রায় দুই দশমিক চার মিলিমিটার বৃষ্টি হতে পারে। ক্রিকেটের ভাষায় এই পরিমাণ বৃষ্টি খেলা থামিয়ে দিতে বা বিলম্ব ঘটাতে যথেষ্ট। বিশেষ করে আলো-আঁধারি সন্ধ্যায় আর্দ্রতা ও বজ্রঝড় পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।

ভারত–পাকিস্তান ম্যাচ মানেই টেলিভিশন রেটিংয়ের বিস্ফোরণ। গ্যালারিতে তিল ধারণের জায়গা না থাকা। আর সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনার ঢেউ। বহু সমর্থক দূরদূরান্ত থেকে কলম্বোয় পৌঁছেছেন শুধু এই ম্যাচ দেখার আশায়। তাদের অপেক্ষা এখন আকাশের দিকে তাকিয়ে।

তবে পুরোপুরি হতাশ হওয়ারও কারণ নেই। স্থানীয় আবহাওয়া বিশ্লেষকরা জানিয়েছেন, বিকেলের পর মেঘ সরে গেলে সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা কমে আসতে পারে। ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু না হলেও পরবর্তীতে ম্যাচ আয়োজনের সুযোগ থাকতে পারে।

এই ম্যাচ ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তাপ কম হয়নি। তবু শেষ পর্যন্ত দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মাঠে নামতে রাজি হয়েছে। এখন প্রশ্ন একটাই- আকাশ কি তাদের প্রতীক্ষার পরিণতি নির্ধারণ করবে?

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়