বিশ্বকাপে আরব আমিরাতের দ্বিতীয় জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একটি জয় পেল সংযুক্ত আরব আমিরাত। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ‘ডি’ গ্রুপের ম্যাচে তারা ৫ উইকেটে হারিয়েছে কানাডাকে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তাদের দ্বিতীয় জয়। এর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা নামিবিয়াকে হারিয়েছিল ৭ উইকেটের ব্যবধানে।
দিল্লিতে কানাডা আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫০ রানের বেশি করতে পারেনি। জবাব দিতে নেমে ৬৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়লেও আরিয়ানশ শর্মা ও সোহাইব খানের ব্যাটে ভর করে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
উদ্বোধনী ব্যাটার আরিয়ানশ ৫৩ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। আর সোহাইব ২৯ বলে ৪টি চার ও ৪ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এই দুইজন বাদে আরব আমিরাতের আর কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। বল হাতে কানাডার সাদ বিন জাফর ৪ ওভারে ১৪ রানে ৩টি উইকেট নেন।
তার আগে ব্যাট করতে নেমে ৩৮ রানেই কানাডা ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে দাঁড়িয়ে যান নাভনি ধালিওয়াল ও হার্শ ঠাকের। তারা দুজন ৫৮ রানের জুটি গড়েন। ৯৬ রানের মাথায় ধালিওয়াল ৪ চারে ৩৪ রান করে ফিরেন সাজঘরে। ১২৯ রানের মাথায় বিদায় নেন হার্শও। তিনি ২টি চার ও ৩ ছক্কায় ৫০ রান করেন। এরপর শ্রেয়াস মোভার ২১ রানের ইনিংসে ভর করে ১৫০ পর্যন্ত যায় কানাডার রান।
বল হাতে আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকী ফাইফার নেন। ৪ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটগুলো শিকার করেন তিনি। ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতে। মোহাম্মদ জাওয়াদুল্লাহ ৪ ওভারে ১৬ রান দিয়ে ১টি উইকেট নেন।
ঢাকা/আমিনুল