ভোটের পরদিন গাইবান্ধায় যুবককে কুপিয়ে হত্যা
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভোটের পরদিন গাইবান্ধায় কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে, যার নাম সুজন মহুরী। তাকে কুড়াল দিয়ে কোপানো হয়েছে বলে পুলিশের কাছ থেকে জানা গেছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সার বাজার এলাকায় সুজনের ওপর হামলা চালানো হয়। সুজন মহুরী বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামের শ্রী নিরঞ্জন কুমারের ছেলে।
নিহত সুজন মহুরীর ভাই সুধন জানিয়েছেন, বাজার থেকে বাড়িতে ফিরছিলেন সুজন। বাড়িতে প্রবেশের মুহূর্তে অতর্কিতভাবে সুজনকে আঘাত করা হয়।
এ হত্যাকাণ্ডের জন্য নরেশ নামের এক স্থানীয় ব্যক্তিকে সন্দেহ করছে নিহতের পরিবার। সুধন জানিয়েছেন, তিন-চার বছর ধরে নরেশের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল তাদের।
গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “রাত আনুমানিক ৮টার দিকে বল্লমঝাড় ইউনিয়নের সার বাজার এলাকায় সুজনের ওপর হামলা হয়। কুড়াল দিয়ে কুপিয়ে সুজন মহুরী নামে এক যুবককে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।”
ওসি বলেন, “কারা কী কারণে সুজনকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন। বিস্তারিত পরে জানা যাবে।”
ভোটের পরদিন এই হত্যাকাণ্ড নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
ঢাকা/লুমেন/রাসেল