ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাটে-বলে আধিপত্য, নেপালকে পাত্তা না দিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৫২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ব্যাটে-বলে আধিপত্য, নেপালকে পাত্তা না দিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

গত সেপ্টেম্বরের ঘটনা। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সারির দল নিয়ে শারজাহতে খেলতে গিয়েছিল নেপাল-এর বিপক্ষে। সেখানে স্বাগতিকদের ‘ভরপেট খাইয়ে’ ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় নেপাল। আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দলের বিপক্ষে সেটিই ছিল তাদের সর্বোচ্চ সাফল্য।

পাঁচ মাস পর আবার মুখোমুখি দুই দল, এবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-এর মঞ্চে। দুই দলই সেরা একাদশ নিয়ে মাঠে নামে। তবে এবার আর আগের মতো চমক দেখাতে পারেনি নেপাল। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে একেবারেই অসহায় আত্মসমর্পণ করে তারা। ওয়াংখেড়েতে ৯ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় নেপালকে।

আরো পড়ুন:

প্রথমে ব্যাট করতে নেমে নেপাল ৮ উইকেটে তোলে ১৩৩ রান। জবাবে সহজ লক্ষ্য তাড়া করে নির্দিষ্ট ওভারের অনেক আগেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক পেসার জেসন হোল্ডার। ইনিংসের শুরুতে দুই উইকেট নেওয়ার পর শেষ ওভারেও আরও দুইটি উইকেট শিকার করেন তিনি। ২৭ রানে ৪ উইকেট নিয়ে নেপালকে বড় স্কোর গড়তে দেননি এই ডানহাতি পেসার।

নেপালের ব্যাটিং ছিল পুরোপুরি ব্যর্থ। পাওয়ার প্লে কাজে লাগাতে না পেরে ৩.৬৬ রান রেটে তোলে মাত্র ২২ রান, হারায় ৩ উইকেট। কুশাল ভুর্তেল (১), আসিফ শেখ (১১) ও রোহিত পাউডেল (৫) দ্রুত আউট হয়ে গেলে চাপে পড়ে দল। মিডল অর্ডারে আরিফ শেখ (২) ও লোকেশ বামও (১৩) রান পাননি।

তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন দীপেন্দ্র সিং আইরি। ৪৭ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৫৮ রান করেন তিনি। শেষদিকে সম্পাল কামি ১৫ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেললে শেষ পাঁচ ওভারে ৬০ রান যোগ করে নেপাল, যা তাদের সম্মানজনক স্কোর এনে দেয়।

হোল্ডার ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন, ফোর্ডে, সামার ও রোস্টন একটি করে উইকেট নেন।

সহজ লক্ষ‌্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ রান রেট বাড়ানোর জন‌্য আগ্রাসী মনোভাব বেছে নেয়। পাওয়ার প্লে’তে ১ উইকেট হারিয়ে তাদের রান ৪৪। ৪ বাউন্ডারিতে ১৭ রান করে বিদায় নেন ব্রেন্ডন কিং। যাদবের বলে আউট হন তিনি। 

এরপর তাদেরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শেই হোপ ও শিমরন হেটমায়ারের অবিচ্ছন্ন ৫৯ বলে ৯১ রানের জুটিতে জয় চলে আসে ১৫.২ ওভারেই। হোপ তুলে নেন ফিফটি। ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলতে ৫ চার ও ৩ ছক্কা হাকান। হেটমায়ার ৩২ বলে ৪৬ রান করেন ৪ চার ও ২ ছক্কায়। 

তিন ম‌্যাচে তিন জয় নিয়ে প্রথম দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সি গ্রুপ থেকে নিশ্চিত করেছে সুপার এইট। নেপাল তিন ম‌্যাচ খেললেও খুলতে পারেনি জয়ের খাতা।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়