বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন কিশোর যুবরাজ
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাতে জন্ম নিল নতুন ইতিহাস। কানাডার তরুণ ওপেনার যুবরাজ সামরা মাত্র ১৯ বছর বয়সেই ছুঁয়ে ফেললেন শতকের মাইলফলক এবং হয়ে গেলেন পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।
নিউ জিল্যান্ডের বিপক্ষে গ্রুপ ‘ডি’-র গুরুত্বপূর্ণ ম্যাচে ৫৮ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন সামরা। ১৯ বছর ১৪১ দিন বয়সে তিনি ভেঙে দেন পাকিস্তানের আহমেদ শেহজাদের দীর্ঘদিনের রেকর্ড (২২ বছর ১২৭ দিন)। যিনি ২০১৪ সালে মিরপুরে শতক হাঁকিয়েছিলেন। শুধু তাই নয়, সহযোগী দেশের (অ্যাসোসিয়েট) কোনো ব্যাটারের বিশ্বকাপে এটি প্রথম সেঞ্চুরি। আর সেটিও এল এমন এক মঞ্চে, যেখানে কানাডার প্রয়োজন ছিল বিশেষ কিছু।
শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন সামরা। ৩৬ বলে তুলে নেন অর্ধশতক। এরপর ধীরে ধীরে গিয়ার বদলে চেপে বসেন অভিজ্ঞ কিউই বোলিং আক্রমণের ওপর। ম্যাট হেনরি ও কাইল জেমিসনের গতির বিপরীতে তিনি খেলেছেন মেপে। কিন্তু নির্ভীকভাবে। অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার সঙ্গে গড়েন ১১৬ রানের উদ্বোধনী জুটি। বাজওয়ার ৩৬ রানের ইনিংস ছিল শক্ত ভিত, যার ওপর দাঁড়িয়ে কানাডা গড়ে তোলে লড়াকু সংগ্রহ।
৬৫ বলে ১১০ রানের ঝলমলে ইনিংসে সামরা হাঁকান ১১টি চার ও ৬টি ছক্কা। আন্তর্জাতিক ক্রিকেটে, এমনকি সব ফরম্যাট মিলিয়েও এটি তার প্রথম সেঞ্চুরি। চলতি আসরে তিন অঙ্কে পৌঁছানো দ্বিতীয় ব্যাটার তিনি। এর আগে শতক পেয়েছেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা। সামরার ব্যাটে ভর করে কানাডা তোলে ৪ উইকেটে ১৭৩ রান। যা নিউ জিল্যান্ডের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য।
তবে ইনিংসের শেষদিকে নাটকও ছিল। ১০৩ রানে জিমি নিশামের হাতে ক্যাচ পড়েও বেঁচে যান তিনি। লং অফে বল হাত ফসকে চার হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত ১১০ রানের সময় গ্লেন ফিলিপস ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে নিশ্চিত ক্যাচ নিয়ে থামান তার ঝড়ো পথচলা।
তার সেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করেছে কানাডা। জিততে নিউ জিল্যান্ডকে করতে হবে ১৭৪ রান।
গ্রুপের তলানিতে থাকা কানাডার জন্য এটি ছিল বাঁচা-মরার লড়াই। বড় মঞ্চে প্রয়োজন ছিল বড় পারফরম্যান্স। আর সেটাই এনে দিলেন ১৯ বছরের এক কিশোর। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার পেছনে চার পয়েন্ট নিয়ে থাকা নিউ জিল্যান্ডের সামনে এখন কঠিন সমীকরণ।
ঢাকা/আমিনুল