ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ৮ মার্চ ২০২৬   আপডেট: ২৩:৫১, ৮ মার্চ ২০২৬
নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন

:: সংক্ষিপ্ত স্কোর ::
ভারত: ২৫৫/৫ (২০ ওভারে)

নিউ জিল্যান্ড: ১৫৯/১০ (১৯ ওভারে)
ফল: ভারত ৯৬ রানে জয়ী এবং চ্যাম্পিয়ন
ম্যাচসেরা: জাসপ্রিত বুমরাহ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত এক জয়ে শিরোপা ঘরে তুলেছে ভারত। নিউ জিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। আজ রবিবার (০৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে বিশাল ২৫৫ রান। জবাবে ব্যাট করতে নেমে নিউ জিল্যান্ড ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে থামে ১৫৯ রানে।

আরো পড়ুন:

রান তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউ জিল্যান্ড। ব্যাট হাতে দলটির হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন টিম সেইফার্ট। অধিনায়ক মিচেল স্যান্টনারের ব্যাট থেকে আসে ৪৩ রান। আর ড্যারিল মিচেল করেন ১৭ রান। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ফলে বড় ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় কিউইদের।

বল হাতে ভারতের হয়ে বিধ্বংসী ছিলেন জাসপ্রিত বুমরাহ। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৭ রান খরচায় নেন ৩টি উইকেট। এছাড়া হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী ও অভিষেক শর্মা একটি করে উইকেট শিকার করেন।

এর আগে ভারতের ইনিংসের ভিত গড়ে দেন উদ্বোধনী ব্যাটসম্যান অভিষেক শর্মা। তিনি ৬টি চার ও ৩টি ছক্কার ঝড় তুলে মাত্র ২১ বলে খেলেন ৫২ রানের ঝলমলে ইনিংস। এরপর সঞ্জু স্যামসন ৫টি চার ও ৮টি ছক্কার মারে ৪৬ বলে করেন ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস। ইশান কিষাণও ছিলেন সমান আক্রমণাত্মক; ২৫ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় করেন ৫৪ রান।

শেষ দিকে ঝড় তোলেন শিভম দুবে। মাত্র ৮ বলে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ রান করে ভারতের সংগ্রহকে নিয়ে যান ২৫৫ রানে। ইনিংসের শেষ ওভারে জিমি নিশামকে ৩টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে একাই তোলেন ২৪ রান।

বল হাতে নিউ জিল্যান্ডের হয়ে জিমি নিশাম ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন ৩টি উইকেট। ম্যাট হেনরি ৪ ওভারে ৪৯ রান দিয়ে পান ১টি উইকেট। রাচিন রবীন্দ্র ২ ওভারে ৩২ রান দিয়ে নেন একটি উইকেট। তবে লকি ফার্গুসন (২ ওভারে ৪৮), জ্যাকব ডাফি (৩ ওভারে ৪২) ও অধিনায়ক মিচেল স্যান্টনার (৩ ওভারে ৩৩) উইকেটের দেখা না পেলেও রান খরচে ছিলেন বেশ উদার।

বুমরাহর জোড়া আঘাত
১৬তম ওভারে বল হাতে এসে জোড়া উইকেট তুলে নেন জাসপ্রিত বুমরাহ। তৃতীয় বলে জিমি নিশামকে (৮) বোল্ড করেন তিনি। পরের বলে ম্যাট হেনরিকেও (০) বোল্ড করেন। ৩ ওভারে ১৩ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন তিনি।

৬ উইকেট হারিয়ে ধুঁকছে নিউ জিল্যান্ড
ত্রয়োদশ ওভারের পঞ্চম বলে দলীয় ১২৪ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় নিউ জিল্যান্ড। অক্ষর প্যাটেলের বলে ইশানের হাতে ক্যাচ দিয়ে আউট হন ড্যারিল মিচেল। তিনি ১১ বলে ২ ছক্কায় ১৭ রান করে যান।

১১ ওভারে ১০০ রান পেরুল নিউ জিল্যান্ড
১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে নিউ জিল্যান্ড। যেখানে ভারত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছিল ১২৭ রান।

৭২ রানেই ৫ উইকেট নেই নিউ জিল্যান্ডের
২৫৬ রানের বিশাল টাগের্ট তাড়া করতে নেমে ৮.১ ওভারে ৭২ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছে নিউ জিল্যান্ড। ৭০ রানের মাথায় মার্ক চ্যাপম্যান আউট হন হার্দিক পান্ডিয়ার বলে। ৩ রানের বেশি করতে পারেননি তিনি। ৭২ রানের মাথায় মারমুখী ব্যাটিং করা সেইফার্টও আউট হন। তিনি বরুনের বলে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন। ২৬ বলে ২টি চার ও ৫ ছক্কায় ৫২ রান করেন।

পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৫২ রান তুলল নিউ জিল্যান্ড
পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে মাত্র ৫২ রান তুলেছে নিউ জিল্যান্ড। যেখানে ভারত পাওয়ার প্লেতে ৯২ রান তুলেছিল বিনা উইকেটে।

অক্ষরের দ্বিতীয় শিকার ফিলিপস
৪৭ রানের মাথায় গিয়ে আরও একটি উইকেট হারাল নিউ জিল্যান্ড। এবার অক্ষর প্যাটেলের দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন গ্লেন ফিলিপস। মাত্র ৫ বল খেলে ১ চারে ৫ রান করে বোল্ড হয়ে যান তিনি।

৩২ রানেই ২ উইকেট নেই নিউ জিল্যান্ডের
ভারতের ছুড়ে দেওয়া ২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩.১ ওভারে ৩২ রানেই ২ উইকেট হারিয়ে বসেছে। অক্ষর প্যাটেলের করা তৃতীয় ওভারের চতুর্থ বলে বাউন্ডারি লাইনের সামনে তিলক ভার্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন ফিন আলেন। ৭ বল খেলে মাত্র ৯ রান করেন তিনি। এরপর জাসপ্রিত বুমরাহর করা চতুর্থ ওভারের প্রথম বলেই ইশানের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাচিন রবীন্দ্র। তিনি ২ বল খেলে ১ রানের বেশি করতে পারেননি।

দুবের ব্যাটে ২৫৫ রানের সংগ্রহ পেল ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করেছে ভারত। জিততে নিউ জিল্যান্ডকে করতে হবে ২৫৬ রান। ব্যাট হাতে উদ্বোধনী ব্যাটসম্যান অভিষেক শর্মা ৬ চার ও ৩ ছক্কায় ২১ বলে ৫২, সঞ্জু স্যামসন ৫টি চার ও ৮ ছক্কায় ৪৬ বলে ৮৯, ইশান কিষাণ ২৫ বলে ৪টি চার ও ৪ ছক্কায় ৫৪ রান করেন। শেষ দিকে শিভম দুবে মাত্র ৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৬ রান করে ভারতের সংগ্রহকে নিয়ে যান ২৫৫ পর্যন্ত। শেষ ওভারে তিনি জিমি নিশামকে ৩টি চার ও ২ ছক্কা মেরে ২৪ রান তোলেন।

বল হাতে নিউ জিল্যান্ডের নিশাম ৪ ওভারে ৪৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। ম্যাট হেনরি ৪ ওভারে ৪৯ রান দিয়ে নেন ১টি উইকেট। রাচিন রবীন্দ্র ২ ওভারে ৩২ রান দিয়ে ১টি উইকেট নেন। লোকি ফার্গুসন ২ ওভারে ৪৮ ও জ্যাকব ডাফি ৩ ওভারে দেন ৪২ রান। মিচেল স্যান্টনার ৩ ওভারে দেন ৩৩ রান। যদিও তারা কোনো উইকেট পাননি।

৮৯ করে সঞ্জু, ৫৪ রানে ফিরলেন ইশান
৪৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮৯ রান করে আউট হয়েছেন ভারতের উদ্বোধনী ব্যাটার সঞ্জু স্যামসন। জিমি নিশামের করা ১৬তম ওভারের প্রথম বলটি উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনের সামনে ম্যাককনকির হাতে ধরা পড়েন সঞ্জু। একই ওভারের পঞ্চম বলে মার্ক চ্যাপম্যানের হাতে ধরা পড়েন কিশান। ২৫ বলে ৪টি চার ও ৪ ছক্কায় ৫৪ রান করে আউট হন তিনি। এরপর ষষ্ঠ বলে আউট হন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি গোল্ডেন ডাক মারেন রাচিন রবীন্দ্রর হাতে ক্যাচ দিয়ে।

১৫ ওভারেই ২০০ পেরিয়ে ভারত
টস হেরে ব্যাট করতে নেমে মারদাঙ্গা ব্যাটিংয়ে ১৫ ওভারেই ২০০ রান পেরিয়ে গেল ভারত। ১৫ ওভার শেষে তাদের রান ১ উইকেটে ২০৩। সঞ্জু ৪৫ বলে ৮৯ রানে ও ইশান ২৪ বলে ৫৪ রানের ব্যাট করছেন। ৪৭ বলে এই জুটি সংগ্রহ করেছে ১০৫ রান। রান রেট ১৩.৩!

১২ ওভারে ১৬০ পেরুল ভারত
মাত্র ১২ ওভারেই ১৬১ রান তুলেছে ভারত। অভিষেক ফেরার পর নিউ জিল্যান্ডের বোলারদের শাসন করছেন সঞ্জু স্যামসন ও ইশান কিষাণ। সঞ্জু ৩৭ বলে ৬৭ ও ইশান ১৪ বলে ৩৪ রানে ব্যাট করছেন।

১০ ওভারে ১২৭ রান তুলল ভারত
ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করেছে ভারত। অভিষেক মাত্র ২১ বলে ৫২ রান করে আউট হয়েছেন। সঞ্জু ৩০ বলে ৪৮ ও ইশান কিষাণ ৯ বলে ১৯ রানে ব্যাট করছেন।

ঝড় তুলে ফিরলেন অভিষেক
মাত্র ২১ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন অভিষেক শর্মা। রাচিন রবীন্দ্রর বলে উইকেটের পেছনে টিম সেইফার্টের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

অভিষেক-সঞ্জুর ব্যাটে ভারতের ঝড়ো সূচনা
ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে ভারত। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৯২ রান তুলেছে তারা। এ সময় অভিষেক মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন। আর সঞ্জু ১৭ বলে করেন ৩৩ রান।

ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত:

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও নিউ জিল্যান্ড। ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।

টস করার সময় ‘টেইলস’ ডাকেন স্যান্টনার, আর ভাগ্যও সঙ্গ দেয় তাকে। টস জিতেই তিনি আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ফলে ফাইনালের মঞ্চে প্রথমে ব্যাট করতে নামবে ভারত।

টসের পর স্যান্টনার বলেন, “এমন ম্যাচের জন্যই তো আমরা ক্রিকেট খেলি। আজকের রাতটা দারুণ হবে আশা করি, আমরা সবাই মিলে দর্শকদের জন্য ভালো একটা লড়াই উপহার দিতে পারব।” কিউই একাদশে আজ একটি পরিবর্তন এসেছে- কোল ম্যাককনচি জায়গা হারিয়েছেন, তার বদলে দলে ঢুকেছেন জ্যাকব ডাফি।

অন্যদিকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তারা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে। অর্থাৎ স্পিনার বরুণ চক্রবর্তী ফাইনালেও নিজের জায়গা ধরে রেখেছেন।

এখন দেখার বিষয়, শক্তিশালী কিউই বোলিং আক্রমণের সামনে আগে ব্যাট করতে নেমে ভারত কেমন সংগ্রহ দাঁড় করাতে পারে। আর সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে নিউ জিল্যান্ড কতটা সফল হয়। 

ভারত একাদশ:
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিভম দুবে, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।

নিউ জিল্যান্ড একাদশ:
ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও লোকি ফার্গুসন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়