ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাহিদ নামের ঝড়ে উড়ে গেল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ১১ মার্চ ২০২৬   আপডেট: ১৮:৫১, ১১ মার্চ ২০২৬
নাহিদ নামের ঝড়ে উড়ে গেল পাকিস্তান

ক্রিকইনফোর ধারাভাষ্যকারের সহজ স্বীকারোক্তি- “বাংলাদেশের কোনো পেসারের কাছ থেকে এমন কিছু আমি দেখিনি।” মিরপুরের হোম অব ক্রিকেটে এর আগে স্মরণীয় অনেক স্পেল উপহার দিয়েছেন বাংলাদেশের পেসাররা। মোস্তাফিজুর রহমান কাটারের জাদুতে ভারতকে করেছেন দিশেহারা, মাশরাফি বিন মুর্তজা এলোমেলো করে দিয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ।

তবু নাহিদ রানার স্পেল যেন আলাদা এক গল্প। গতি আর সুইংয়ের দুর্দান্ত মিশেলে পাকিস্তান শিবিরে তিনি যেভাবে কাঁপন ধরিয়েছেন, তাতে মুগ্ধতা ছড়িয়ে পড়েছে চারদিকে। মুহূর্তেই স্তব্ধ হয়ে গেছে প্রতিপক্ষ। হৃদস্পন্দনে ছড়িয়ে পড়েছে অদম্য বিশ্বাস- বাংলাদেশের পেস আক্রমণ নতুন এক দিগন্তের দিকে এগোচ্ছে।

আরো পড়ুন:

নাহিদ রানার ভয়ংকর সুন্দর সেই স্পেলেই উড়ে গেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে জয় দিয়েই মিশন শুরু করেছে বাংলাদেশ। মাত্র ৫ ওভারের স্পেলে ৫ উইকেট! প্রতি ওভারে যেন একেকটি আঘাত। তাতেই পাকিস্তানের টপ ও মিডল অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মতো। ক্যারিয়ারের প্রথম ফাইফারে নাহিদ যেন ভেসেছেন সপ্তম স্বর্গে। তার আগুনঝরা বোলিংয়ে বাংলাদেশ পেয়েছে বুকভরা আত্মবিশ্বাসের ৮ উইকেটের জয়।

আগে ব‌্যাটিং করে পাকিস্তান মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে বাংলাদেশ ১৫.১ ওভারে লক্ষ‌্য ছুঁয়ে ফেলে। ২০৯ বল হাতে রেখে ম‌্যাচ জিতেছে বাংলাদেশ। বলের হিসেবে এটি পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় জয়। সব মিলিয়ে যৌথভাবে তৃতীয়।

লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে মিরপুরে। তবে দর্শক উপস্থিতি ছিল তুলনামূলক কম। হাজার তিনেক দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন। তাদের মাঝেই নজর কেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। খেলা শুরুর পরপরই মাঠে হাজির হয়ে পুরোটা সময় গ্যালারিতে বসে উপভোগ করেছেন বাংলাদেশের এই দাপুটে জয়।

পাঁচ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরে বাংলাদেশ শুরুটা কেমন করে তা ছিল দেখার। টস জিতে বোলিং নিয়ে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান অধিনায়ক মিরাজের মুখে হাসি ফোটাতে পারেননি। পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও মাআজ সাদাকাত ৯ ওভার কাটিয়ে দেন চোখের পলকেই। কোনো জড়তা ছাড়াই অভিষিক্ত দুই ওপেনার কাটিয়ে দেন। কিন্তু পরের সব গল্প, ম‌্যাচের এপিটাফ লিখে দেন নাহিদ রানা।

দশম ওভারে বল হাতে পান নাহিদ। বলের ঔজ্জ্বলতা তখনও হারায়নি। গতি নাহিদের শক্তির জায়গা। ভরসা রাখলেন নিজের শক্তিতে। প্রথম ওভারের পঞ্চম বলে নাহিদ ফেরালেন শাহিবজাদাকে। ব্রেক এনে দেওয়ার পরই ক্ষান্ত নন তিনি। পরের ওভারে সামিল হোসেন হাওয়ায় ক‌্যাচ তোলেন। তৃতীয় ওভারে ফিরে নাহিদের তৃতীয় শিকার সাদাকাত। তিন অভিষিক্ত টপ অর্ডার ব‌্যাটসম্যানকেই নিজের শর্ট ডেলিভারিতে আউট করেন নাহিদ। বাড়তি গতি থাকায় ব‌্যাটসম‌্যানরা ছিলেন অসহায়।

নাহিদের পরের দুই শিকার মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। রিজওয়ান তার ভয়ংকর সুইং ডেলিভারিতে ব‌্যাট সরাতে পারেননি। আউটসুইং ডেলিভারিটি দিনের সেরা নিশ্চিতভাবেই। সালমান আগা ফের শর্ট বলে ক‌্যাচ দেন শর্ট লেগে। ৫ ওভার শেষে ১৮ রানে নাহিদের পকেটে ৫ উইকেট। ক‌্যারিয়ারের প্রথম ফাইফার নাহিদের। বাংলাদেশের কোনো পেসার এতো কম সময়ে এর আগে ৫ উইকেট পায়নি কখনো। নাহিদের গতিতে দিশেহারা হয়ে স্রেফ নাস্তানাবুদ পাকিস্তানের ব‌্যাটিং। এরপর টানা দুই ওভার আরও হাত ঘুরান নাহিদ। ৭ ওভারের স্পেলে আরেকটি উইকেট নিতে পারতেন। সেজন‌্য রিভিউ নিতে হতো। কিন্তু অধিনায়ক মিরাজকে মানাতেই পারেননি।

নাহিদের তৈরি করা সাম্রাজ‌্যে স্পিনে আক্রমণে মিরাজ দ্যুতি ছড়ান। ২৯ রানে ৩ উইকেট নেন অধিনায়ক। এছাড়া তাসকিন ও মোস্তাফিজুরও পেয়েছেন ১টি করে উইকেট।

৮২ রান তুলতে পাকিস্তান ৯ উইকেট হারায়। তাদের রান একশতে যায় ফাহিম আশরাফের সৌজন‌্যে। ৬ চার ও ১ ছক্কায় ৪৭ বলে ৩৭ রান করেন ফাহিম। তাতে শতরান ছুঁয়ে কিছুটা মুখরক্ষা হয় অতিথিদের।

বোলারদের সাজানো মঞ্চে ব‌্যাটসম‌্যানরাও জ্বলে উঠলেন আপন ছন্দে। সাইফ হাসান ৪ রানে আউট হওয়ার পর তানজিদ ও নাজমুল যেভাবে ব‌্যাটিং করলেন তাতে স্রেফ এলোমেলো হয়ে গেল পাকিস্তানের বোলিং আক্রমণ। চার-ছক্কার জোয়ারে দুজন লক্ষ‌্যের পথে ছুটে যান অবিচল। ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েন চোখের পলকে। মনে হচ্ছিল, তাদের ব্যাটেই জয়টা চলে আসবে অনায়েসে। কিন্তু জয়ের থেকে ৬ রান দূরে থাকতে নাজমুল ২৭ রানে উইকেটের পেছনে ক‌্যাচ দেন।

তানজিদ থেমে থাকেননি। ঝড়ো ব‌্যাটিংয়ে ৩২ বলে তুলে নেন নিজের পঞ্চম ফিফটি। ৪২ বলে ৬৭ রান করে তিনি অপরাজিত থাকেন। তার নামের পাশে ৭ চার ও ৫ ছক্কার মার।

ম‌্যাচে ইনিংস ব্রেকের প্রয়োজনই হয়নি। পাকিস্তানের ইনিংসের পর ১০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। বাংলাদেশ যদি লক্ষ‌্যের পথে ছুটতে সময় নিতো তাহলে ব্রেক দিতো অফিসিয়ালরা। কিন্তু ১৫ ওভারেই ম‌্যাচ জিতে নেওয়ায় ব্রেকের প্রয়োজন হয়নি। মোহাম্মদ ওয়াসিমের ওয়াইডে বাংলাদেশের খেলা শেষ হওয়ার ৫ সেকেন্ডের মধ‌্যেই শুরু হয় ইফতার।

নাহিদ রানার দিনটায় ব‌্যাটসম‌্যানরাও হয়ে উঠলেন আলোকিত। ব‌্যাট-বলের দাপটে বাংলাদেশ প্রথম ওয়ানেডেতে নিজেদের শক্তি দেখাল দারুণভাবে। এখন কেবল এগিয়ে যাওয়ার পালা। 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়