মোস্তাফিজুরকে ভিত্তিমূল্যে পেল বার্মিংহ্যাম ফিনিক্স
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড- এ দল পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার লন্ডনে প্রতিযোগিতার নিলাম থেকে তাকে কিনে নেয় বার্মিংহ্যাম ফিনিক্স। ভিত্তিমূল্যে ১ লাখ পাউন্ডে তাকে কিনেছে বার্মিংহ্যাম। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৬৫ লাখ টাকার মতো।
দ্য হান্ড্রেডের নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। কিন্তু চূড়ান্ত তালিকায় ছিলেন কেবল মোস্তাফিজুর ও রিশাদ। মোস্তাফিজুরকে নিলামের তৃতীয় ও শেষ ধাপে দলে ভেড়ায় বার্মিংহ্যাম। রিশাদকে নিলামে তোলা হলেও তার প্রতি আগ্রহ দেখাননি কেউ। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ হাজার পাউন্ড।
২১ জুলাই শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৬ আগস্ট পর্যন্ত। দ্য হান্ড্রেডের যাত্রা শুরু হয়েছিল ২০২১ সালে। পাঁচটি আসর হলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাননি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলার হাতছানি মোস্তাফিজুরের সামনে।
নানা কারণে মোস্তাফিজুর এখন আলোচনায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নাম বাদ দেওয়ার পর ক্রিকেট বিশ্বের নজর তার দিকে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে ভারতীয় বোর্ডের নির্দেশে জানুয়ারির শুরুতে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ৯ কোটিরও বেশি পারিশ্রমিকে দল পেয়েছিলেন মোস্তাফিজুর।
সেই থেকে মোস্তাফিজুর টক অব দ্য টাউন। আইপিএল থেকে বাদ পড়ার পর মোস্তাফিজুরের জন্য খুলে যায় পিএসএলের দরজা। এবার ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতাতেও দেখা যাবে তাকে। বাংলাদেশের তারকা পেসারের সঙ্গে এই দলে আছেন জ্যাকব বেথেল, ক্রিস উড, উসমান তারিক।