ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ১৫ মার্চ ২০২৬   আপডেট: ২২:৪৯, ১৫ মার্চ ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ বাংলাদেশের

:: সংক্ষিপ্ত স্কোর ::
বাংলাদেশ: ২৯০/৫ (৫০ ওভারে)
পাকিস্তান: ২৭৯/১০ (৪৯.৫ ওভারে)
ফল: বাংলাদেশ ১১ রানে জয়ী।

রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ বাংলাদেশের
রুদ্ধশ্বাস তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ রবিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে তানজিদ হাসানের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ২৯০ রান সংগ্রহ করে। জবাব সালমান আলী আগার সেঞ্চুরিতে দারুণ লড়াই করে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৯ রান করতে পারে পাকিস্তান।

আরো পড়ুন:

বল হাতে বাংলাদেশের তাসকিন আহমেদ ১০ ওভারে ১ মেডেনসহ ৪৯ রানে ৪টি উইকেট নেন। মোস্তাফিজুর রহমান ১০ ওভারে ৫৪ রানে নেন ৩টি উইকেট। নাহিদ রানা ১০ ওভারে ৬২ রান দিয়ে নেন ২টি উইকেট। আর রিশাদ হোসেন ৬.৬ ওভারে ৫৬ রানে নেন ১টি উইকেট।

পাকিস্তানের নবম উইকেটের পতন, ৬ বলে প্রয়োজন ১৪
আগের বলে চোট পেয়ে শুশ্রুষা নিয়ে ষষ্ঠ বলেই উইকেট তুলে নিলেন মোস্তাফিজ। তার করা বলে উড়িয়ে মারতে গিয়ে মিরাজের হাতে ধরা পড়েন হারিস রউফ। ২ বল খেলে ১ রান করেন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে শাহিন আফ্রিদির সঙ্গে যোগ দিয়েছেন আবরার আহমেদ।

আগার বিদায়ে বাংলাদেশ শিবিরে উল্লাস
২৬১ রানের মাথায় অষ্টম উইকেট হারাল পাকিস্তান। ফিরে গেছেন সেঞ্চুরিয়ান সালমান আলী আগা। ৯৮ বলে ১০৬ রান করে তাসকিনকে উড়িয়ে মারতে গিয়ে মিডউইকেটে শান্তর হাতে ধরা পড়েন। এটি তাসকিনের চতুর্থ শিকার। ১২ বলে জিততে পাকিস্তানের প্রয়োজন ২৮ রান।

সালমানের সেঞ্চুরিতে লড়াইয়ে পাকিস্তান
২০৯ রানের মাথায় ৭ উইকেট হারানো পাকিস্তানকে আশা দেখাচ্ছেন সালমান। ৮৯ বলে তিনি ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার সেঞ্চুরিতে ভর করে এগোচ্ছে পাকিস্তান। ৪৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৪৬ রান। জিততে প্রয়োজন ৩০ বলে ৪৫ রান।

তাসকিনের তৃতীয় শিকার ফাহিম, সাত উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান
দলীয় ২০৯ রানের মাথায় সপ্তম উইকেট হারাল পাকিস্তান। তাসকিনের করা ৪০তম ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে যান ফাহিম। ২০ বল খেলে ৯ রানের বেশি করতে পারেননি তিনি।

ষষ্ঠ উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান
১৬১ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারাল পাকিস্তান। মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে যান সালমানের সঙ্গে দুর্দান্ত একটি জুটি গড়া মাসুদ। ৫টি চারে ৩৮ রান আসে তার ব্যাট থেকে।

সালমান-মাসুদে এগোচ্ছে পাকিস্তান
৮২ রানেই ৫ উইকেট হারানো পাকিস্তানকে টানছেন সালমান আলী আগা ও সাদ মাসুদ। ষষ্ঠ উইকেট জুটিতে তারা দুজন ইতোমধ্যে ৫৭ রান যোগ করেছেন দলীয় সংগ্রহে। যাতে ২৮ ওভার শেষে পাকিস্তানের রান বেড়ে হয়েছে ১৩৯। সালমান ৩২ ও মাসুদ ২৫ রানে অপরাজিত আছেন।

৮২ রানেই ৫ উইকেট নেই পাকিস্তানের
বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৯১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৮২ রানেই পাঁচ-পাঁচটি উইকেট হারিয়ে বসেছে পাকিস্তান। ১৮তম ওভারে দলীয় ৮২ রানের মাথায় মোস্তাফিজের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন আব্দুল সামাদ। তিনি ৫টি চারে ৩৪ রান করেন।

সামাদ-গাজীর ৫০ রানের জুটি ভাঙলেন নাহিদ
১৭ রানেই ৩ উইকেট হারানোর পর পাকিস্তান দলের হাল ধরেন আব্দুল সামাদ ও গাজী ঘুরি। চতুর্থ উইকেটে তারা দুজন ৫০ রানের জুটি গড়ে ভালোই জবাব দিচ্ছিলেন। কিন্তু ৬৭ রানের মাথায় নাহিদ রানার বলে গাজী বোল্ড হলে ভাঙে এই জুটি। ৩৯ বলে ৩টি চার ও ১ ছক্কায় ২৯ রান করে যান ঘুরি।

১৭ রানেই ৩ উইকেট নেই পাকিস্তানের
বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে পাকিস্তান। তাসকিনের করা প্রথম ওভারের পঞ্চম বলে ৬ রানের মাথায় আউট হন সাহিবজাদা ফারহান। ১ চারে ৬ রান করেন তিনি। নাহিদ রানার করা পরের ওভারে নাহিদ রানার শিকারে পরিণত হন মাআজ সাদাকাত (৬)। তৃতীয় ওভারের পঞ্চম বলে তাসকিন আরও একবার আঘাত করেন। এবার তিনি ফেরান মোহাম্মদ রিজওয়ানকে। যিনি ৪ রানের বেশি করতে পারেনি।

পাকিস্তানকে ২৯১ রানের টার্গেট দিল বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২৯১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে তানজিদ হাসানের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তোলে।

তানজিদ ১০৭ বলে ৬টি চার ও ৭ ছক্কায় এই রান করেন। এছাড়া তাওহীদ হৃদয় অপরাজিত ৪৮, লিটন দাস ৪১ ও শান্ত করেন ২৭ রান। 

বল হাতে পাকিস্তানের হারিস রউফ ১০ ওভারে ৫২ রানে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও আবরার আহমেদ।

রউফের দুই বলে ফিরলেন লিটন-রিশাদ
হারিস রউফের করা ৪৭তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে বিদায় নেন লিটন দাস ও রিশাদ হোসেন। ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনের সামনে গাজী ঘুরির হাতে ধরা পড়েন লিটন ব্যক্তিগত ৪১ রানে। রিশাদ এসে বোল্ড হয়ে যান গোল্ডেন ডাক মেরে। তাওহীদ হৃদয় ৩৩ ও আফিফ ২ রানে ব্যাট করছেন। ৪৮ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ২৭৭ রান।

সেঞ্চুরি হাঁকিয়ে ফিরলেন তানজিদ
নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটিকে বেশি বড় করতে পারলেন না তানজিদ। ৩৭তম ওভারে দলীয় ১৯৪ রানের মাথায় আউট হয়ে যান যান। ১০৭ বল খেলে ১০৭ রান করে যান ৬টি চার ও ৭টি ছক্কায়। লিটনের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন তাওহীদ হৃদয়। তাদের দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ পেরিয়ে গেছে ২০০ রান। ৪২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২২৭ রান ৩ উইকেটের বিনিময়ে।

ছক্কা মেরে সেঞ্চুরি হাঁকালেন তানজিদ
৩২ ওভার শেষে তানজিদের রান ছিল ৯২। সালমানের করা ৩৩তম ওভারের দ্বিতীয় বলে ২ রান দিয়ে ৯৪তে পৌঁছান। এরপর ষষ্ঠ বলে ছক্কা হাঁকিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরি পূর্ণ করেন।

দেড়শ রান পেরুতেই ফিরলেন শান্ত
১৫৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। হারিস রউফের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শান্ত। ৩টি চারে ২৭ রান আসে তার ব্যাট থেকে ৮৯ রানে অপরাজিত থাকা তানজিদের সঙ্গে যোগ দিয়েছেন নতুন ব্যাটার লিটন দাস।

তানজিদ-শান্তর ব্যাটে দেড়শ পেরিয়ে বাংলাদেশ
১০৫ রানের মাথায় সাইফ হাসান আউট হওয়ার পর বাংলাদেশ দলের রানের চাকা সচল রেখেছেন তানজিদ ও শান্ত। তারা দুজন দ্বিতীয় উইকেট জুটিতে ইতোমধ্যে অর্ধশতরানের জুটি গড়েছেন। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ দেড়শ রান পেরিয়ে গেছে। ২৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৫৮। তানজিদ ৮৮ রানে ও শান্ত ২৭ রানে ব্যাট করছেন।

সাইফের বিদায়ে ভাঙল শতরানের জুটি
সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। বিনা উইকেটে ১৮ ওভারে বাংলাদেশ তুলেছিল ১০৫ রান। ১৯তম ওভারের প্রথম বলেই সাইফ আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন সাইফ হাসান। তার বিদায়ে ভাঙে শতরানের জুটি। ৫৫ বলে ৩ চারে ৩৬ রান করে যান তিনি। ৭১ রানে অপরাজিত থাকা তানজিদ হাসানের সঙ্গে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫০ রান তুলল বাংলাদেশ
টস হেরে ব্যাট করতে নেমে ১০ ওভারে বিনা উইকেটে ৫০ রান তুলেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ২ চার ও ২ ছক্কায় ৩০ এবং সাইফ হাসান ২ চারে ১৭ রানে ব্যাট করছেন।

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ।

পাকিস্তান দলে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে ইনজুরিতে পড়া হোসেন তালাত পরিবর্তে খেলছেন গাজী ঘুরি। আর শ্যামল হোসেনের পরিবর্তে একাদশে এসেছেন সাদ মাসুদ। এছাড়া মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে একাদশে জায়গা দেওয়া হয়েছে আবরার আহমেদকে।

বাংলাদেশ অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

প্রথম ম্যাচ বাংলাদেশ ও দ্বিতীয় ম্যাচ পাকিস্তান জেতায় সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে। আজ যারা জিতবে তাদের শোকেসেই উঠবে শিরোপা।

বাংলাদেশ একাদশ
১. সাইফ হাসান 
২. তানজিদ হাসান 
৩. তাওহীদ হৃদয় 
৪. নাজমুল হোসেন শান্ত 
৫. লিটন দাস (উইকেটরক্ষক)
৬. আফিফ হোসেন 
৭. মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক)
৮. রিশাদ হোসেন 
৯. তাসকিন আহমেদ 
১০. নাহিদ রানা 
১১. মোস্তাফিজুর রহমান।

 পাকিস্তান একাদশ
১. সাহিবজাদা ফারহান 
২. মাআজ সাদাকাত 
৩. গাজী ঘুরি 
৪. মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক)
৫. সালমান আলী আগা 
৬. আব্দুল সামাদ 
৭. সাদ মাসুদ 
৮. ফাহিম আশরাফ 
৯. শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক)
১০. আবরার আহমেদ 
১১. হারিস রউফ।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়