ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ক্রিকেট বোর্ডের খোলনলচে বদলে গেল চোখের পলকে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ৮ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:৩৭, ৮ এপ্রিল ২০২৬
ক্রিকেট বোর্ডের খোলনলচে বদলে গেল চোখের পলকে

আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল

আলোচনা আর গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। অনেকটা নিশ্চিতভাবেই ধরে নেওয়া হচ্ছিল, আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ টিকবে না। বিশেষ করে ২০২৫ সালের বিসিবি নির্বাচনের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর থেকেই তার ভবিষ্যৎ যেন সুতোয় ঝুলছিল। এর মধ্যে একের পর এক পরিচালকের পদত্যাগ তাকে আরও বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে।

তবুও আশার আলো ছাড়েননি আমিনুল। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি। প্রাপ্তির তালিকায় নাম লেখাতে না পেরে, বঞ্চনার অভিযোগ নিয়েই যেন একাকী দাঁড়িয়ে রইলেন তিনি।

আরো পড়ুন:

২০২৬ সালের ৭ এপ্রিলের দিনটি নিশ্চিতভাবেই আমিনুল ভুলে যেতে চাইবেন। সকালের শুরুটা তার হয়েছিল বিসিবি সভাপতির পদকে সঙ্গী করে। বিকেল গড়াতেই গদি হাতছাড়া! মঙ্গলবার মধ্যদুপুরে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটকে নিয়ে আমিনুল গিয়েছিলেন পূর্বাচলে মাঠ দেখতে। মাঠ ঠিকঠাক আছে কিনা, পরিচর্যা হচ্ছে কিনা সেসব নিয়েই খোঁজখবর নিতে গিয়েছিলেন। আজ বুধবার দুজনের একসঙ্গে বগুড়ায় যাওয়ার কথাও ছিল। তার আর দরকার পড়ছে না।

পূর্বাচল থেকে মিরপুর স্টেডিয়ামে ফেরার পথেই আমিনুল ও খালেদ মাসুদের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যায়। জাতীয় ক্রীড়া পরিষদ বাতিল করে দেয় বিসিবির বর্তমান পরিচালনা পরিষদ। ফলে আমিনুলের বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের সভাপতি পদ হাতছাড়া। খালেদ মাসুদেরও পরিচালক পদ শেষ।

দুপুরে নিজের কাজে সহ সভাপতি ফারুক আহমেদ গিয়েছিলেন বোর্ডে। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথে গণমাধ্যমের মুখোমুখি হন। ক্রিকেট বোর্ড টিকবে কিনা তা নিয়ে খোলামেলা কথা বলেন। নিজের আস্থা, নিজেদের আত্মবিশ্বাস দেখান তিনি। কিন্তু বিকেলই ফারুক আহমেদ শুনতে পারেন তার পদটাও বাতিল হয়ে গেছে।

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে জাতীয় ক্রীড়া পরিষদ মঙ্গলবার বিকেলে বোর্ড ভেঙে দিয়েছে। তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। ওল্ডডিওএইচে নিজের বাসায় অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নিজের নাম শুনতে পান তামিম। জানতে পারেন বাকি ১০ জনের নামও।

সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাওয়া শুরু তামিমের। দুই ঘণ্টার নোটিশে সন্ধ্যা সাড়ে ছয়টায় বোর্ড সভার ডাক দেন। একে একে বোর্ডে আসতে শুরু করেন মিনহাজুল আবেদিন নান্নু, রফিকুল ইসলাম বাবু, ইব্রাহিম আহমেদ, রাসনা ইমামরা। অনলাইনে যোগ করেন ফাহিম সিনহা, সালমান ইস্পাহানি।

তামিমের সভাপতি হবার খবর শোনার পরপরই বিসিবি প্রাঙ্গনে জমে যায় ভিড়। সংবাদ কর্মীদের পাশাপাশি প্রচুর বহিরাগত স্টেডিয়াম প্রাঙ্গনে ঢুকে যায় অনায়েসে। তাদের মিছিল, স্লোগানে মিরপুর হোম অব ক্রিকেট আবার জেগে উঠে। এমনটা অবশ্য এর আগেও দেখা গেছে। নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই তাদের স্বাগত, শুভেচ্ছা জানাতে মিরপুর হয়ে উঠে ‘হাট-বাজার।’ সেই ধারাবাহিকতা বজায় থাকল তামিমের সময়ও।

তামিমের এই বোর্ডের মেয়াদ ৩ মাস। এর মধ্যেই নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে তামিম অংশগ্রহণ করতে পারেন। এর আগে অবশ্য অ্যাডহক কমিটি থেকে সরে দাঁড়াতে হবে তাকে।

সকাল থেকে মধ্য দুপুর। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা…ক্রিকেট বোর্ডের খোলনলচে বদলে গেল চোখের পলকে। আমিনুল থেকে তামিম, ক্রিকেট বোর্ডের সভাপতির পদ হাতবদল হলো। তামিমের সভাপতির অধ্যায় শুরু হলো আমিনুলকে সরিয়ে। ক্রিকেটে সুদিন ফিরবে নাকি সেটাই দেখার অপেক্ষা।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়