শুক্রবার নির্বাচনী প্রচারে নামছে সহস্র নাগরিক কমিটি
এনআর || রাইজিংবিডি.কম
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে মাঠে নামছে সহস্র নাগরিক কমিটি। আগামীকাল শুক্রবার থেকে এ প্রচার কার্যক্রম শুরু হবে।
কমিটির সদস্যরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকনের পক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে জনসংযোগ ও সুধী সমাবেশ করবেন।
দলীয় সূত্র জানান, বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের সংগঠন শত নাগরিক কমিটির জবাবে সহস্র নাগরিক কমিটি গঠনের প্রস্তাব ওঠে আওয়ামী লীগের সর্বশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকে। ওই বৈঠকের পরই এ কমিটি গঠনে উদ্যোগী হয় আওয়ামী লীগ। ইতিমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে সহস্র নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। রাজধানীর শাহবাগের একটি ভবনে কার্যালয় স্থাপন করে শুরু হয়েছে কার্যক্রম। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন দেশবরেণ্য কবি ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ রয়েছেন সদস্য সচিব হিসেবে।
সহস্র নাগরিক কমিটির কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে গোলাম কুদ্দুছ রাইজিংবিডিকে বলেন, ‘শুক্রবার থেকেই নির্বাচনী প্রচারে নামবেন আমাদের কমিটির সদস্যরা। ইতিমধ্যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের জন্য ভোট চাচ্ছেন।’
তিনি জানান, আগামী সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা দক্ষিণের প্রার্থী সাঈদ খোকনের জন্য এবং ২২ এপ্রিল বুধবার মিরপুরের সনি সিনেমা হলের পাশে সিটি করপোরেশনের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা উত্তরের প্রার্থী আনিসুল হকের জন্য সুধী সমাবেশের আয়োজন করা হবে।
রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৫/এনআর/রফিক
রাইজিংবিডি.কম
বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী