ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনার ডিম পাড়া হাঁসটি বেচে দেবেন কাইলি?

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ২৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনার ডিম পাড়া হাঁসটি বেচে দেবেন কাইলি?

কাইলি জেনার

বিনোদন ডেস্ক: মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল, উদ্যোক্তা কাইলি জেনার। গত মার্চে ফোর্বস ম্যাগাজিন জানায়, ‘নিজ উদ্যোগে’ বিলিয়নিয়ারের তালিকায় নাম লেখিয়েছেন কাইলি। মাত্র ২১ বছর বয়সে এটি অর্জন করেছেন তিনি।

কাইলির এ অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে তার কসমেটিকস ব্র্যান্ড। অনেকেই এটিকে কাইলির সোনার ডিম পাড়া হাঁস বলেও মনে করেন। কিন্তু সেই হাঁসটিই না কি বেচে দেয়ার পরিকল্পনা করছেন কাইলি। পশ্চিমা একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অনেকেই মনে করছিলেন কাইলি হয়তো তার ব্র্যান্ড থেকে কোনো বেবি প্রোডাক্ট নিয়ে আসবেন। কিন্তু তিনি এটি বেচে দেয়ার পরিকল্পনা করছেন। সম্ভবত উদ্যোক্তা নয় বরং মা হিসেবেই সময় কাটাতে চাইছেন তিনি।

জানা গেছে, কাইলি তার ব্র্যান্ডের ৫১ শতাংশ বিক্রির পরিকল্পনা করেছেন, যার মূল্য ধরা হয়েছে আনুমানিক ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। এমনকি কাইলির ব্র্যান্ডের এই চড়া মূল্য পরিশোধ করতেও প্রস্তুত আগ্রহী একটি প্রতিষ্ঠান।

২০১৫ সালে নিজের কসমেটিকস ব্র্যান্ড চালু করেন কাইলি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার রয়েছে অসংখ্য অনুসারী সেখানেই কসমেটিকসের মার্কেটিংয়ের কাজটি করতেন। আর অনলাইন শপের মাধ্যমে নিজের ব্র্যান্ডের কসমেটিকস গ্রাহকদের কাছে পৌঁছে দিতেন। কিন্তু গত বছরের নভেম্বরে কাইলি একটি চুক্তি করেন। এরপর থেকে তার কসমেটিকসগুলো যুক্তরাষ্ট্রের ১ হাজারেরও বেশি আলট্রা স্টোরে বিক্রি শুরু হয়। কাইলিও মোটা অঙ্কের লাভ পেতে থাকেন। ২০১৮ সালে তার ব্যবসায় লাভ হয় ৯ শতাংশ, যার পরিমাণ ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার। তার কোম্পানির মোট মূল্য দাঁড়ায় ৯০০ মিলিয়ন মার্কিন ডলার। আর এ মডেল একা এই সম্পত্তির মালিক। পাশাপাশি কাইলির অন্যান্য আয় দিয়ে বর্তমানে তার সম্পত্তির মূল্য ১ বিলিয়ন মার্কিন ডলার।

কিন্তু কাইলির সর্বশেষ কসমেটিকস প্রোডাক্টটি খুব বেশি সাড়া ফেলতে পারেনি। অনেকেই ধারণা করছেন, এই ব্র্যান্ডটি থেকে সবার আগ্রহ কমতে শুরু করেছে। আর এ জন্যই ব্র্যান্ডটি বেচে দেয়ার পরিকল্পনা করছেন কাইলি। যদিও ৪৯ শতাংশ শেয়ার তার নামে থাকবে।

বর্তমানে মার্কিন র‌্যাপার ট্রাভিস স্কটের সঙ্গে সম্পর্কে রয়েছেন কাইলি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ট্রাভিসের কন্যা সন্তানের মা হন তিনি।


রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়