‘পোস্টার লাগানো বন্ধে সচেতনতা বাড়াবে দৃষ্টিনন্দন গ্রাফিতি’
ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে জনগণের মাঝে সচেতনতা বাড়াবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে মগবাজার চৌরাস্তায় ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন। এ সময় তিনি চিত্রশিল্পীদের অনুপ্রেরণা দিতে নিজেই রঙ-তুলির আঁচড়ে গ্রাফিতি কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিএনসিসি মেয়র বলেন, ‘এই শহর, এই দেশ আমাদের। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন এই দেশ পেয়েছি। ঢাকা আমাদের রাজধানী শহর। অথচ, এই শহরে যত্রতত্র পোস্টার লাগিয়ে নিজেরাই শহরে দৃশ্যদূষণ করছি। আমরাই শব্দদূষণ করছি, বায়ুদূষণ করছি। শহরের দূষণ বন্ধে আমাদের নিজেদের ঠিক হতে হবে, সচেতন হতে হবে। শুধু সরকার বা সিটি করপোরেশন দায়িত্ব নিলে হবে না। শহরের সকল নাগরিককে দায়িত্ব নিতে হবে।’
মেয়র বলেন, ‘শহরের উড়াল সড়কের পিলারগুলোতে তাকালে দেখা যায়, যত্রতত্র পোস্টার লাগানো। এসব পোস্টারের মধ্যে আছে—অমুক ভাই সালাম নিন, তমুক ভাই এগিয়ে চলুন। নানা ধরনে তেলবাজি, পাম-পট্টি সব পোস্টারের মাধ্যমে করা হচ্ছে। নিচের দিকে লিখে রাখে সৌজন্যে অমুক। এসব সৌজন্যে অমুকদের বলতে চাই, এগুলো বন্ধ করুন। অন্যথায় আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। সেই ব্যবস্থা নিলে কিন্তু আপনাদের জেল হবে, জরিমানাও হবে।’
ডিএনসিসির মেয়র বলেন, আমরা পোস্টার-ব্যানারে ভরা অসুন্দর পিলারগুলোকে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছি। চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য—ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি শহর গড়ে তোলা। পিলারগুলোতে চিত্রকর্মের মাধ্যমে নগরবাসীকে বিভিন্ন শিক্ষনীয় ম্যাসেজ দিতে চাই, যেমন: হর্ন বাজাবেন না, পোস্টার না লাগাই, গাছ লাগাই পরিবেশ বাঁচাই, তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন, আসুন দেশকে ভালোবাসি এসব।’
‘প্রধানমন্ত্রীর নির্দেশনামতে রিকশায় যারা পেইন্টিং করতেন, তাদেরকে এই কাজে সম্পৃক্ত করা হচ্ছে। সে কারণেই রিকশা পেইন্টিংয়ের সাথে সম্পৃক্ত বিখ্যাত চিত্রশিল্পীদের এই গ্রাফিতি কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। এই দৃষ্টিনন্দন কাজটি আমরা মগবাজার ফ্লাইওভারের পিলার দিয়ে শুরু করেছি। পর্যায়ক্রমে বাকি ফ্লাইওভার ও মেট্রোরেলের পিলারেও সেটা করা হবে। ফ্লাইওভারের পিলারের সৌন্দর্য রক্ষায় সিসি ক্যামেরা লাগানো হবে।’
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আমি এলাকাবাসী, কাউন্সিলর, মুরুব্বি, শিক্ষক, মসজিদের ইমামসহ সকলকে অনুরোধ করছি, এই সুন্দর কাজে আপনারা এগিয়ে আসুন। সুন্দর পিলারগুলোতে নিজেরা পোস্টার লাগাবেন না, অন্যদেরও লাগাতে দেবেন না। এই শহর আপনার, আমার সবার। তাই, এই শহরকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের গ্রাফিতি কার্যক্রম আছে। আমরা কিন্তু চাইলেই পারি। সবাই সচেতন হলে আমরা শহরকে পরিচ্ছন্ন রাখতে পারব।’
উল্লেখ্য, রাজধানীর মগবাজার থেকে সাতরাস্তামুখী ফ্লাইওভারের নিচের পিলারগুলোতে ব্যানার-পোস্টার তুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাদা রঙ করা হয়েছে। ধবধবে সাদা রঙের ক্যানভাসে ফুটে উঠছে দৃষ্টিনন্দন গ্রাফিতি। তাতে শোভা পাচ্ছে দেশীয় সংস্কৃতি এবং শিক্ষনীয় বিষয়। গ্রাফিতি আঁকা চারটি পিলারের একটিতে পরিবেশ সংরক্ষণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পিলারের একপাশে এক কিশোর চারা গাছ লাগাচ্ছে, আরেক কিশোর বই নিয়ে স্কুলে যাচ্ছে। একটিতে লেখা আছে—হর্ন বাজাবেন না, পোস্টার না লাগাই। আর দুটি পিলারের একটিতে ফুল, পাখি, সূর্য এবং আরেকটিতে ফুলের নকশার সাথে নৌকা দিয়ে অবহমান বাংলার সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে।
এ সময় এক প্রশ্নের জবাবে মেয়র আতিক বলেন, ‘বিভিন্ন স্থানে মার্কেটে অগ্নিকাণ্ড, ভবন ধস হচ্ছে। পরিত্যক্ত মার্কেটগুলো বন্ধে কঠোর হওয়া ছাড়া আমাদের আর বিকল্প নেই। ডিএনসিসির আটটি পরিত্যক্ত মার্কেটে লাল রঙের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হবে। এসব মার্কেটের মালিক সমিতিকে অনুরোধ করছি, আপনারা জীবনের মূল্য দিতে শিখুন। ক্রেতাদেরও অনুরোধ করছি, কেনাকাটা করার জন্য এসব পরিত্যক্ত মার্কেট পরিহার করুন। আমরা ইতোমধ্যে কারওয়ানবাজার স্থানান্তরের কাজ শুরু করেছি। অন্যগুলোকেও স্থানান্তর বা নতুন ভবন নির্মাণ করা হবে। এক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের সহযোগিতা চাই।’
গ্রাফিতি আর্ট কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকতা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার, ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মিতু আক্তার, ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর নাজমুন নাহার হেলেন ও ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়া/রফিক
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৭৮৭, সন্দেহজনক মৃত্যু ৪