ভুয়া সংবাদ যাচাই করার কৌশল জানাতে কর্মশালা
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সংবাদ মাধ্যমে প্রকাশিত ভুয়া সংবাদ চিহ্নিত করার পদ্ধতি ব্যবহারের উপর দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গুগল নিউজ ইনিশিয়াটিভ, এশিয়ান আমেরিকান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এএজেএ), এশিয়া ফাউন্ডেশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথ উদ্যোগে এই কর্মশালায় অর্থনৈতিক বিষয়ক প্রায় ৫০ জন সাংবাদিক অংশ নেন।
মঙ্গলবার (২৬ জুন) রাজধানীর পুরানা পল্টন লেনে ইআরএফ মিলানয়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইআরএফ সভাপতি মৃধা রেফায়েতইল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া ফাউন্ডেশনের আবাসিক প্রতিনিধি কাজী ফয়সাল বিন সিরাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক শামসুল হক জাহিদ। স্বাগত বক্তব্য দেন ইআরএফ’র সাধারণ সম্পাদক আবুল কাশেম। ‘ওয়ার্কশপ অন ডিজিটাল ভেরিফিকেশন’ শীর্ষক কর্মশালাটি পরিচালনা করেন আন্তর্জাতিক সংবাদ এজেন্সি এএফপি, বাংলাদেশের ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দীন শিশির।
প্রধান অতিথির ভাষণে এশিয়া ফাউন্ডেশনের আবাসিক প্রতিনিধি কাজী ফয়সাল বিন সিরাজ বলেন, বর্তমান সময়ে সংবাদ মাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে। অনেক সময় অনেক ভুয়া সংবাদ সমাজে নানা ধরনের বিশৃঙ্খখলা সৃষ্টি করে। যার প্রভাব আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে সংবাদের সত্যতা যাচাই করাটা অনেকটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ইআরএফ সদস্যদের এই কর্মশালা একটি সময়োপযোগী উদ্যোগ।
সাংবাদিকতার সেকাল আর একালের বিভিন্ন চিত্র তুলে ধরে বিশেষ অতিথি শামসুল হক জাহিদ বলেন, আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি তখনও ভ’য়া সংবাদ পরিবেশন হতো। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে যতটা সহজ ও দ্রুততার সঙ্গে সংবাদ ও ছবির সত্যতা যাচাইয়ের সুযোগ ছিলনা। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা যার যার নিজস্ব পদ্ধতি অবলম্বন করতাম। বর্তমানে ভ’য়া সংবাদ ছড়ানোর মাধ্যম যে ভাবে বেড়েছে তা চিহ্নিত করার পদ্ধতিও বেড়েছে।
কর্মশালা সমন্বয়কারী কদরুদ্দীন শিশির ফ্যাক্ট চেকিং প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘সত্য খবর’ থেকে ‘ভুয়া খবর’ বা ‘ফেইক নিউজ’কে আলাদা করে চেনার পদ্ধতিকে বলে ‘ফ্যাক্ট চেকিং’। আপনি ফেসবুকে একটি পোস্টে দেখলেন বা ইউটিউব ভিডিওতে শুনলেন কিংবা আড্ডার সময় এক বন্ধু বললেন, রাতের আাঁধারে বাঁশঝাড় থেকে সংগৃহীত পানি পান করলে করোনাভাইরাস হবে না। এটি কি আসলেই ‘খবর’ নাকি ‘ভুয়া খবর, তা খুঁজে বের করা হয় যে উপায়ে সেটাই ফ্যাক্ট চেকিং।
কর্মশালায় দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত সংবাদ, ভিডিও ও স্থিরচিত্র উপস্থাপনের মাধ্যমে হাতে কলমে ইআরএফ সদস্যদের সংবাদের সত্যতা যাচাইয়ের বিভিন্ন পদ্ধতি উপস্থাপন করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন শামসুল হক জাহিদ।
হাসনাত//
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর