ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের নারী ক্রিকেটারদের ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের সূচি চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২৩ মার্চ ২০২৬   আপডেট: ০৮:৩৫, ২৩ মার্চ ২০২৬
বাংলাদেশের নারী ক্রিকেটারদের ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের সূচি চূড়ান্ত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট খেলার অপেক্ষায় বাংলাদেশ। ডারউইন ও ম্যাকাইতে হবে দুটি টেস্ট ম্যাচ।

এছাড়া অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। প্রথমবার নারী ক্রিকেট দল যাবে অস্ট্রেলিয়াতে। পুরুষ জাতীয় ক্রিকেট দলের সূচি আগে ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। গতকাল তারা নারী ক্রিকেট দলের সূচি চূড়ান্ত করে প্রকাশ করেছে।

নারীদের অস্ট্রেলিয়া সফর অক্টোবর মাসে। তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে টাইগ্রেসরা। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ৯, ১১ এবং ১৪ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ আয়োজিত হবে ১৮, ২০ এবং ২২ অক্টোবর। ওয়ানডে সিরিজ হবে অ্যালান বর্ডার মাঠে। টি-টোয়েন্টি হবে নর্থ সিডনি ওভালে।

এর আগে মাত্র একবারই দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া নারী দল। ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল অস্ট্রেলিয়া। সেবার সব ম্যাচই জেতে সফরকারীরা। বাংলাদেশ দলেরও মাত্র একবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা আছে। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশটিতে গিয়েছিল তারা। সেবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ।

পুরুষ ক্রিকেটারদের সফরে আছে কেবল দুই টেস্ট। ডারউইনে প্রথম টেস্ট মাঠে গড়াচ্ছে ১৩ আগস্ট। ২২ আগস্ট পরের টেস্ট ম্যাচ শুরু হবে ম্যাকায়তে।  ২৩ বছর আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ টেস্ট খেলেছিল। ২০০৩ সালে সেই সফরেও প্রথম টেস্ট হয়েছিল ডারউইনে। পরেরটি কেয়ার্নসে। পরে ২০০৮ সালে অজিরা কেবল তিন ওয়ানডের জন্য বাংলাদেশকে আতিথেয়তা দিয়েছিল। এরপর কখনোই বাংলাদেশকে খেলতে ডাকেনি অস্ট্রেলিয়া। এবার লম্বা সময় পর দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য বাংলাদেশের অস্ট্রেলিয়ার দুয়ার খুলল। নারীদের জন্য যা হতে যাচ্ছে প্রথমবার।

ঢাকা/ইয়াসিন 

সর্বশেষ

পাঠকপ্রিয়