ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাবিবুলের নেতৃত্বে চার সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ২৩ মার্চ ২০২৬   আপডেট: ২০:১৫, ২৩ মার্চ ২০২৬
হাবিবুলের নেতৃত্বে চার সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা

গতকাল রোববার (২২ মার্চ ২০২৬) রাইজিংবিডি যে খবর প্রকাশ করেছিল, আজ সোমবার (২৩ মার্চ ২০২৬) সেই খবরের আনুষ্ঠানিক ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । 

হাবিবুল বাশার সুমন জাতীয় নির্বাচক প্যানেলের প্রধান নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বে প্রথমবার চার জনের নির্বাচন প্যানেল তৈরি করেছে বিসিবি। হাবিবুল বাশারের সঙ্গে এই কমিটিতে থাকবেন হাসিবুল হোসেন শান্ত, নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। হাসিবুল হোসেন শান্ত দায়িত্ব চালিয়ে যাচ্ছেন ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে। নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী প্রথমবার নির্বাচক কমিটিতে এসেছেন।  

২০২৭ সালের অক্টোবর-নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই নির্বাচক প্যানেল দায়িত্ব চালিয়ে যাবেন। সব মিলিয়ে ১৯ মাসের জন্য দায়িত্ব পেয়েছেন তারা। 

হাবিবুল বাশার প্রধান নির্বাচকের দায়িত্ব পেতে যাচ্ছে এই আলোচনা আগেও উঠেছিল একাধিকবার। আলোচনা উঠলেও শেষ পর্যন্ত হতে হতে হয়নি নানা কারণে। প্রথমে ফারুক আহমেদ। এরপর মিনহাজুল আবেদীন নান্নু। দুজনের সঙ্গে জাতীয় দলের নির্বাচক কমিটিতে ছিলেন হাবিবুল। এবার বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের অধিনায়ক নিজেই নিচ্ছেন এই কমিটির দায়িত্ব। 

হাবিবুল বাশার ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পেয়েছিলেন। পরে নারী ক্রিকেটের প্রধান হিসেবে কাজ শুরু করেন তিনি। 

এক বছর যেতেই আরেকটি নতুন দায়িত্বে তাকে যুক্ত করে বিসিবি। বিসিবির গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর করা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ককে। গত মার্চে তার নিয়োগ করা হয়েছিল। যেখানে বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের পরিচর্যার বিষয়টি দেখভাল করা হয়। প্রায় এক বছর এই দায়িত্ব পালন শেষে হাবিবুল পেলেন বিরাট দায়িত্ব।  

৩৯ বছর নাঈম আনুষ্ঠিনিকভাবে খেলা ছাড়েননি। এবারও তার জাতীয় ক্রিকেট লিগ খেলার কথা ছিল। কিন্তু বিসিবি নির্বাচক খোঁজার বিজ্ঞপ্তি দিলে নাঈম আবেদন করেন। এরপর সাক্ষাৎকার দিয়ে নাঈম টিকে যান। দুই যুগের ক্রিকেট ক্যারিয়ার নাঈমের। সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন। এখনও নাঈম প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ সেঞ্চুরির রেকর্ড ধরে রেখেছেন। 

৩৮ বছর বয়সী নাদিফ ২০ বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতা। বাংলাদেশকে কেবল টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন তিনি। অবসরের পর বিসিবির অধীনে প্রতিভা অন্বেষণ প্রোগ্রাম এবং বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন। 

বিজ্ঞাপনে দুজন নির্বাচক নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়া চলার সময় কমিটির অনুভব করে, নির্বাচক কমিটি চারজনের হলে গোছানো ও সুন্দরভাবে কাজ সম্পাদন করা সম্ভব। জাতীয় দলের পাশাপাশি ‘এ’ দল, বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ (ওয়ানডে ও লঙ্গার ভার্সন), বিপিএল এবং অন্যান্য ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার দল নিয়ে কাজ করেন নির্বাচকরা। সব মিলিয়ে ১৮০-২০০ ক্রিকেটারকে নিয়ে কাজ করতে হয় নির্বাচকদের। দিন দিন তাদের ব্যস্ততা বাড়ছে। এ কারণে নির্বাচক কমিটিতে বাড়তি একজনকে নিয়োগ দিয়েছে বিসিবি।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়