দ্রুত মানসম্মত কাজের তাগিদ স্থানীয় সরকারমন্ত্রীর
দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রকল্প বাস্তবায়নে অপ্রয়োজনীয় বিলম্ব কমিয়ে দ্রুত ও মানসম্মত কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের চেন্নাইভিত্তিক বহুজাতিক পানি প্রযুক্তি প্রতিষ্ঠান ভিএ টেক ওয়াব্যাগ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাইলেশ কুমারের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, “উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অপ্রয়োজনীয় বিলম্ব দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করে। তাই দ্রুততার পাশাপাশি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করাও জরুরি।”
বৈঠকে দেশের পানি ব্যবস্থাপনা, পানি পরিশোধন প্রক্রিয়া এবং নিরাপদ পানির মান নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। টেকসই উন্নয়নের জন্য আধুনিক পানি ও বর্জ্য পানি শোধন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী।
তিনি দেশের নদ-নদীর দূষণ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষভাবে বুড়িগঙ্গা নদীর পানির মান নিয়ে আলোচনা হয়। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে তার আগের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেন মন্ত্রী।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/এসবি
বগুড়া সিটি করপোরেশন হচ্ছে, দেশে নতুন ৫ উপজেলার অনুমোদন