গাজীপুরের পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে কালিয়াকৈর বাসস্ট্যান্ড সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ রাসেল জানান, পুকুরে সকালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধারের সময় লাশ উলঙ্গ অবস্থায় ছিল। তবে পাশ থেকে একটি লুঙ্গি ও সবুজ রঙের একটি গেঞ্জি উদ্ধার হয়েছে।
দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে লাশ এই পুকুরে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।
রাইজিংবিডি/গাজীপুর/২৮ আগস্ট ২০১৯/হাসমত আলী/টিপু
রাইজিংবিডি.কম