শ্রীমঙ্গলে ২ টাকায় মিলছে দুপুরের খাবার
মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাত্র দুই টাকায় মিলছে দুপুরের খাবার। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ হাতে নিয়েছে চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং’।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে শহরের রেলস্টেশন প্রাঙ্গণে খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে দুই টাকার বিনিময়ে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির শ্রীমঙ্গল কমিটির সমন্বয়ক ফারহান চৌধুরী আরিয়ান, মডারেটর তাহনিম, রাকান মোহাম্মদ, রিমু চৌধুরী, কিরণ ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
এই কার্যক্রমে সিলেট থেকে যোগ দেন সংগঠনের চেয়ারম্যান রবিউল হাসান চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক নাদের চৌধুরী।
পরিচালক নাদের চৌধুরী জানান, করোনার প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সঙ্গে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্যই এ উদ্যোগ।
খাবারের বিনিময়ে দুই টাকা নেওয়া প্রসঙ্গে সংগঠনের মডারেটর রাকান মোহাম্মদ বলেন, ‘আমরা চাই না আমাদের সেবা ফ্রি তে নিয়ে কারেও আত্মসম্মানে লাগে। তাই আমরা দুই টাকা করে নিচ্ছি। যাতে তারা নিজের টাকায় কিনে খাওয়ার তৃপ্তিটা নিতে পারেন।’
‘এই কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সুন্দর একটি সুযোগ পাওয়া গেছে’ বলে মন্তব্য করেন রাকান মোহাম্মদ।
সাইফুল্লাহ হাসান/সনি