পল্লী বিদ্যুতের নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনাল অফিস থেকে আব্দুল আলিম (৪৯) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জামতৈল পূর্ব বাজারের পল্লী বিদ্যুতের অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আলিম বগুড়া জেলা শহরের ঠনঠনিয়া এলাকার আব্দুস সামাদের ছেলে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) কাজী জসিম উদ্দিন জানান, রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আব্দুল আলিম। সকালে অফিসের নিচ তলার মুদি দোকানদার অফিসের ভিতরে আব্দুল আলিমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের জানান। আমরা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিসি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে তিনি নিজেই আত্মহত্যা করেছেন।
ওসি আরও বলেন, মৃত্যুর আগে একটি চিঠি লিখেছেন. সেখানে ঋণের বিষয়টি উল্লেখ করেছেন।
রাসেল/টিপু