সারাদেশের ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
ঢাকা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় স্বচ্ছ ব্যালট বাক্স ভোটকেন্দ্রে নেয়া হচ্ছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের প্রতিটি জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়েছে। সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের জন্য আলাদা (গোলাপি) ব্যালট পেপার পাঠানো হচ্ছে।
দিনাজপুর
দিনাজপুর জেলার ৮৪৪ কেন্দ্রে পৌঁছানো শুরু হয়েছে ভোটার সরঞ্জাম। সকাল ১০টা থেকে জেলার ১৩টি উপজেলার নিজ নিজ উপজেলা চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় ভোটগ্রহণ সামগ্রী বিতরণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা নির্ধারিত কেন্দ্রের জন্য ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকা ও অন্যান্য নির্বাচন সামগ্রী বুঝে নিচ্ছেন। একই সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদেরও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা, যাতে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করা যায়।
দিনাজপুরের জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিকী জানান, নির্বাচন উপলক্ষে জেলায় ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ২ হাজার ৩৮৪ জন পুলিশ সদস্য, প্রায় ৩০ হাজার আনসার সদস্য, ১২টি টিমে ৯৬ জন র্যাব সদস্য, ৩৭ প্লাটুন বিজিবি ও ১৩ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
তিনি আরো বলেন, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন এবং জেলার ছয়টি সংসদীয় আসনের ৮৪৪টি ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন।
ঝালকাঠি
ঝালকাঠিতে জেলার ২৩৭ কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম। একই সঙ্গে আনসার-ভিডিপির সদস্যদের পাঠানো হচ্ছে। বুধবার সকাল থেকে জেলার ৪টি উপজেলা পরিষদ থেকে একযোগে এসব সরঞ্জাম উপজেলা নির্বাহী কর্মকরতাসহ নির্বাচনে দায়িত্বরতরা বুঝিয়ে দেয় প্রিজাইডিং অফিসারদের কাছে।
প্রশাসন জানায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবরকম ব্যবস্থা নেয়া হয়েছে। ঝালকাঠিতে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানায় স্থানীয় প্রশাসন।
ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন বলেন, ঝালকাঠিতে ২৩৭ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। আমরা আশা করছি ঝালকাঠিতে একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।
শরীয়তপুর
শরীয়তপুরের ৩৯২টি কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনি সরঞ্জাম। বুধবার দুপুর ১২টায় জেলার ৬টি উপজেলা চত্ত্বর থেকে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম বুঝে নিচ্ছেন কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা।
জেলায় ১ হাজার ৩০০ জন পুলিশ, ৫১০ জন সেনাবাহিনী, ১৭০ জন বিজিবি, ৪৮ জন র্যাব, ৪২ জন বিমান বাহিনী, ৫০৯৬ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ ২৫ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনি নিরাপত্তায় কাজ করবেন।
ঝিনাইদহ
ঝিনাইদহের ৫৮৮টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য সামগ্রী পুলিশি নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে পাঠানো হচ্ছে। বুধবার দুপুরে জেলার ৬টি উপজেলা পরিষদ চত্বর থেকে ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট পেপারসহ বাকি উপকরণ বুঝেয়ে দেওয়া হয়।
ঝিনাইদহ জেলায় গুরুত্বপুর্ণ কেন্দ্রের সংখ্যা ২৩৭টি। জেলায় মোট ভোটারের সংখ্যা ১৫ লাখ ৯৬ হাজার ৩’শ ৯৩ জন। জেলার ৪টি সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানান, ভোটগ্রহণ নিরাপদ ও সুষ্টু করার জন্য জেলার ভোটকেন্দ্রগুলোতে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে রয়েছেন ৭ হাজার ৬৪৪ জন আনসার সদস্য, ১ হাজার ৬৪৪ জন পুলিশ সদস্য, ১ হাজার ২৯ জন সেনাবাহিনীর সদস্য, র্যাবের ৪৮ জন সদস্য, বিজিবির ২২২ জন সদস্য। এছাড়া ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন।
পঞ্চগড়
পঞ্চগড়ের ১৫৫টি ভোটকেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম। বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণ থেকে প্রতিটি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, কালি ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে মোট ২৯টি কেন্দ্রকে বিশেষ গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এবং ২৫৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৫৫টি। পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি।
পঞ্চগড়ে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিজিবির ৮৫০ জন, সেনাবাহিনীর ৮০০ জন, পুলিশের ১ হাজার ২০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। আনসার ব্যাটালিয়নের ৭৮ জন সদস্যের পাশাপাশি প্রতি কেন্দ্রে ১৩ জন করে মোট ৩ হাজার ৭৩১ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা জানান, নির্ধারিত সময় অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাগেরহাট
বাগেরহাট জেলার ৯টি উপজেলার ৫৪৭টি ভোটকেন্দ্রের জন্য একযোগে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, সিল, কলমসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। বুধবার বেলা ১১টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
নছিমন, ভ্যান, ইজিবাইকসহ সুবিধাজনক যানবাহনে করে আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে প্রিজাইডিং কর্মকর্তারা কেন্দ্রে নির্বাচনি সামগ্রী পৌঁছে দিচ্ছেন। কেন্দ্রের দূরত্ব অনুযায়ী সন্ধ্যার মধ্যেই সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন বলেন, প্রিজাইডিং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পর ভোটগ্রহণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিটি কেন্দ্রে সামগ্রী পৌঁছে যাবে।
জেলার চারটি সংসদীয় আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি মোট ১৩ লাখ ৬১ হাজার ১১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মাদারীপুর
মাদারীপুরের ৩৮১টি ভোটকেন্দ্রে নির্বাচনি মালামাল পৌঁছে দেওয়া হচ্ছে। বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় প্রিজাইডিং কর্মকর্তারা উপস্থিত হয়ে ব্যালট পেপার, সিল, কালি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম গ্রহণ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় এসব মালামাল সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পাঠানো হয়।
মাদারীপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, সকাল থেকে পর্যায়ক্রমে সব ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ১৫৭টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন, নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ৭ জন এবং হিজড়া ভোটার ১২ জন।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৩ জন অস্ত্রধারী পুলিশ, ৩ জন নিরস্ত্র আনসার ও ১০ জন লাঠিধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। সাধারণ কেন্দ্রে থাকবেন ২ জন নিরস্ত্র পুলিশ, ২ জন নিরস্ত্র আনসার এবং ১১ জন লাঠিধারী আনসার সদস্য।
এছাড়া জেলায় প্রায় ৬০০ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ১০০ জন করে এবং সদর উপজেলায় ২০০ জন সেনাসদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও অর্ধশত র্যাব সদস্য মাঠে থাকবেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ২৪ জন। এর মধ্যে মাদারীপুর-১ আসনে ৭ জন, মাদারীপুর-২ আসনে ৭ জন এবং মাদারীপুর-৩ আসনে ১০ জন রয়েছেন। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন।
প্রতিটি জেলায় জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তারা সাধারণ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
ঢাকার কেরাণীগঞ্জ
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা-২ ও ঢাকা-৩ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ইতোমধ্যেই পৌঁছে গেছে প্রয়োজনীয় সব নির্বাচনি সরঞ্জাম। সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, ভোটার তালিকা, সিলমোহর, স্ট্যাম্প প্যাডসহ অন্যান্য উপকরণ নিরাপদে সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়েছে।
ঢাকা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, নির্ধারিত সময়সূচি মেনে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ঢাকা-২ ও ঢাকা-৩ আসনের সব সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরঞ্জাম পরিবহন ও সংরক্ষণে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন। তিনি আরো বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। নির্ধারিত দিনে সকাল থেকে একটানা ভোটগ্রহণ চলবে।
ঢাকা/মোসলেম/অলোক/আকাশ/শাহরিয়ার/নাঈম/বাদশা/বেলাল/শিপন/ফিরোজ