৪ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
যশোর বেনাপোল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরুর প্রথম ৪ ঘণ্টায় প্রায় ২৭ শতাংশ ভোট পড়েছে। রিটার্নিং কর্মকর্তা আনিচুর রহমান আজ (সোমবার) দুপুর সাড়ে ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষ হবে বিকেল চারটায়।
দীর্ঘ এক যুগ পর ভোটগ্রহণ চলছে বেনাপোল পৌরসভায়। শান্তিপূর্ণ ভোট চললেও নির্বাচনে সবকেন্দ্রেই ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ পাওয়া গেছে।
রিটার্নিং কর্মকর্তা আনিচুর রহমান বলেন, ভোটাররা ইভিএমে অভ্যস্ত না হওয়ার কারণে কিছু কেন্দ্রে ধীরগতি এবং কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ায় ভোট পড়ার হার কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ হার বাড়বে বলে আমরা আশা করছি। আর এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ।
তিনি জানান, ৯টি বিদ্যালয়ে ১২ টি কেন্দ্রে ভোট গ্রহন শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ইভিএমে ভোট দিতে পেরে ভোটারা খুশি। নির্বাচন সুষ্ঠু করতে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সব সময় উপস্থিত রয়েছেন। প্রতিটি কেন্দ্রে ৮জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য রয়েছে। তিন প্লাটুন র্যাব দুই প্লাটুন বিজিবির সঙ্গে মাঠে টহল দিচ্ছে। প্রতিটি বুথে বসানো হয়েছে একাধিক সিসি ক্যামেরা। যা রির্টানিং কার্যালয় ও নির্বাচন কমিশন নির্বাচন পর্যবেক্ষণ করছে।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নৌকা প্রতীক, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন মোবাইল ফোন প্রতীক ও জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ফারুক হোসেন উজ্জ্বল। তবে ভোটগ্রহণের দুই দিন আগে নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফারুক হোসেন। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ইভিএমে ফারুকের জগ প্রতীগ রয়েছে। নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী নেই।
রিটন/টিপু