ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভিক্ষুকের কাছে দুই বস্তা টাকা!

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:৫৭, ৯ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জে সালেহা বেগম নামের এক ভিক্ষুকের কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লার পাইওনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে ছিলেন ওই ভিক্ষুক। তার কাছে দুই বস্তা টাকা পাওয়া যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৬০ থেকে ৬৫ বছর বয়সী সালেহা বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করেন। তিনি সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় থাকেন। কখনো নিজের প্রয়োজন মেটাতে কিংবা চিকিৎসার জন্যও টাকা খরচ করতেন না। 

সালেহার একমাত্র মেয়ে শাপলা খাতুন বলেছেন, মা আমাদের সঙ্গে থাকত না, একাই থাকত। আজ তার থাকার জায়গা থেকে অনেক টাকা পাওয়া গেছে। এখন আমি মায়ের কাছে আছি। এই টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে।

সালেহার জামাতা শহিদুল ইসলাম বলেছেন, আমার শাশুড়ি অসুস্থ। তাকে বলেছিলাম, আপনার চিকিৎসা করাব। কিন্তু, তার কাছে কত টাকা আছে, সেটা বলতে চাইত না। আজ এলাকাবাসী গিয়ে তার কাছ থেকে টাকাগুলো উদ্ধার করেছে। এখন সবাই মিলে গুনছে।

স্থানীয় বাসিন্দা শেখ কামাল বলেছেন, বাজারে যাওয়ার সময় দেখতে পেলাম, লোকজন দুই বস্তা টাকা গণনা করছে। সালেয়া বেগম প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করেন। জানতাম না, তার কাছে এত টাকা আছে। দুই বস্তায় ২ থেকে আড়াই লাখ টাকা থাকতে পারে।

টাকা গণনায় অংশ নেওয়া রাশেদুল ইসলাম বলেছেন, সালেহা পাগলি দীর্ঘদিন ধরে কওমি জুট মিলের পরিত্যক্ত ভবনের বারান্দায় থাকেন। দুই মাস ধরে তিনি অসুস্থ। আমার ধারণা ছিল, তার কাছে কিছু টাকা আছে। পরে এলাকাবাসী গিয়ে দুই বস্তা টাকা পায়। অনেক টাকা নষ্ট হয়ে গেছে। টাকাগুলো গোনা হচ্ছে। এই টাকা তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে।

সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহরিয়ার আহমেদ শিপু বলেছেন, সালেহা দীর্ঘদিন ধরে ভিক্ষা করে টাকাগুলো জমিয়েছেন। এখন তিনি অসুস্থ। দুই বস্তা টাকা উদ্ধারের পর এলাকাবাসী জনসমক্ষে গুনছে। সবাই সিদ্ধান্ত নিয়েছে, টাকাগুলো তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে।

সালেহা বেগমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। 

ঢাকা/অদিত্য/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়