ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ১ ফেব্রুয়ারি ২০২৬  
কুড়িগ্রামে জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী) আসনের জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশপ্রাপ্ত প্রার্থীরা হলেন- জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান। 

আরো পড়ুন:

রবিবার (১ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল আদালত ভবনের কক্ষ নং ৭০১ ও ৭০২-এ অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাগেশ্বরী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাশেম বাজার পশ্চিম পয়রাডাঙ্গা আলিম মাদ্রাসায় সম্প্রতি শিশু শিক্ষার্থীদের দিয়ে একটি নির্দিষ্ট প্রতীকের সমর্থনে স্লোগান দেওয়ানো হয়। অভিযোগে বলা হয়, ওই সময় সংশ্লিষ্ট প্রার্থী নিজেও সেখানে উপস্থিত ছিলেন। এ ঘটনায় ভিডিও প্রমাণসহ আরিফুল ইসলাম জয় নামে এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গত ৩০ জানুয়ারি বিচারিক আদালতে অভিযোগ দায়ের করেন।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, শিশু ও শিক্ষার্থীদের কোনো ধরনের নির্বাচনি প্রচারণায় ব্যবহার করা নিষিদ্ধ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, গত ২৬ জানুয়ারি কুড়িগ্রাম-১ আসনে বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট আজহারুল ইসলাম জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিভিন্ন জনসভা ও উঠান বৈঠকে তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের পরিচিত নেতা-কর্মী ও সমর্থকদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে রাজনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করেন। এ ছাড়া বিভিন্ন সমাবেশ ও মিছিলে রঙিন ব্যানার ব্যবহারসহ উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও আনা হয়। এসব অভিযোগের পক্ষে ভিডিও প্রমাণ আদালতে দাখিল করা হয়েছে।

উক্ত অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি উভয় প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, “ভিডিওটি অনেক আগের। কে বা কারা গত শুক্রবার সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং একজন ব্যক্তি সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন।”

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য ও সিভিল জজ মুহাম্মদ আয়াজ জানান, “দুইটি অভিযোগের প্রেক্ষিতে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।”

ঢাকা/বাদশাহ/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়