মাকে হত্যার পর রাস্তায় ফেলে যান ছেলে: পুলিশ
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজশাহীতে নেশার টাকা পেয়ে না মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, মাকে ঘরের মধ্যে হত্যা করে রাস্তায় ফেলে যান ছেলে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকার কৃষি ব্যাংক মোড়ে হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি একই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম সুমন (৪০)। তিনি পুলিশের হেফাজতে আছেন।
স্থানীয়দের বরাত দিয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, “সুমন রাতে নেশার জন্য মা সোহাগীর কাছে টাকা চান। টাকা না দেওয়ায় সুমন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে তিনি তার মায়ের বুক ও পেটে আঘাত করেন। ঘটনাস্থলেই সোহাগী মারা যান।”
তিনি বলেন, “এরপর সুমন মায়ের মরদেহ রাস্তায় নিয়ে গেলে এলাকার লোকজন দেখতে পান। পরে সুমন রাস্তায় মায়ের মরদেহ ফেলে রেখে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে রাখেন। স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে আমাদের খবর দেয়। ফোর্স পাঠিয়ে সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।”
ওসি মনিরুল ইসলাম বলেন, “সোহাগীর মরদেহ উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবক মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে মামলা করা হবে।”
ঢাকা/মাহী/মাসুদ