যমজ সন্তানের বাবা হলেন রাম চরণ
স্ত্রীর সঙ্গে রাম চরণ
ফের বাবা হলেন দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা রাম চরণ। এ তারকার স্ত্রী উপাসনা যমজ সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকেরা ও তাদের মা সুস্থ রয়েছেন। খবর পিঙ্কভিলার।
রাম চরণের বাবা মেগাস্টার চিরঞ্জীবী আনন্দের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) দেওয়া পোস্টে এই তারকা লেখেন—“অপরিসীম আনন্দ-কৃতজ্ঞতায় হৃদয়টি ভরা। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রাম চরণ ও উপাসনা যমজ সন্তানের আশীর্বাদপুষ্ট হয়েছে। তাদের একটি শিশু পুত্র, অন্যটি কন্যা। নবজাতকেরা ও মা উভয়ই সুস্থ আছেন।”
সবাইকে ধন্যবাদ জানিয়ে চিরঞ্জীবী লেখেন, “দাদা-দাদি হিসেবে পরিবারে এই ছোট বাচ্চাদের স্বাগত জানানো মুহূর্তটি আমাদের কাছে ভীষণ আনন্দের এবং ঐশ্বরিক আশীর্বাদ। সকলের প্রার্থনা, ভালোবাসা, আশীর্বাদ এবং শুভকামনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”
কলেজ জীবন থেকেই একে অপরকে চিনতেন রাম চরণ ও উপাসনা। বন্ধু মহলে তারা ছিলেন আলোচিত। অম্ল-মধুর সম্পর্কে সবাইকে মাতিয়ে রাখতেন। এরপর একসময় রাম চরণ দেশের বাইরে যান। তখন পরস্পরের সঙ্গ মিস করতেন তারা। সবাই ধরেই নিয়েছিল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দু’জন। কিন্তু তখনও পরস্পরকে বন্ধুই ভাবতেন তারা।
রাম চরণের ‘মাগাধীরা’ সিনেমাটি মুক্তির পরই মূলত উপাসনার সঙ্গে এই অভিনেতার প্রেমের সম্পর্ক শুরু হয়। দু’জনের পরিবারের মধ্যে বেশ মধুর সম্পর্ক ছিল, এজন্য বিয়ে নিয়েও কোনো ঝামেলা হয়নি।
২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রাম চরণ ও উপাসনার বাগদান হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। তাদের বাগদান নিয়ে ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা ছিল। তাকে নিয়ে মিডিয়ার মাতামাতিতে বেশ বিব্রত ছিলেন উপাসনা। তবে সবকিছু বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন রাম চরণ।
২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই জুটির বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিয়ের ১১ বছর প্রথম সন্তানের বাবা-মা হন এই জুটি। অর্থাৎ ২০২৩ সালের ২০ জুন কন্যা সন্তানের জন্ম দেন উপাসনা।
ঢাকা/শান্ত