কর্নেল অলির কথায় জিয়ার অবদান প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই: রেদোয়ান
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সম্প্রতি এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদকে নিয়ে জামায়াত আমীরের মন্তব্যে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই বলেছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির প্রার্থী ড. রেদোয়ান আহমেদ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) চান্দিনা উপজেলার খোববাড়িয়া এলাকায় নির্বাচনি সমাবেশে বক্তব্য শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রেদোয়ান আহমেদ বলেন, ‘‘কর্নেল অলির অবদানকে আমি ছোট করবো না, তবে তিনি যে কথা আজকে এসে জামায়াত নেতার মাধ্যমে সারা জাতিকে জানাতে এসেছেন এটি অত্যন্ত আশ্চর্যজনক। এটি একটি ভ্রান্ত সংবাদ। এসব তো জিয়াউর রহমান জীবিত থাকতে তিনি বলেন নাই এবং এর আগেও আমরা এ ধরনের উক্তি কারো কাছে শুনি নাই।’’
তিনি আরো বলেন, ‘‘সারা পৃথিবী জানে, বাংলাদেশ জানে স্বাধীনতার ঘোষক হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমানই ‘আই রিভোল্ট’ বলে বিদ্রোহ করেছিলেন। কর্নেল অলি তখন ক্যাপ্টেন ছিলেন। সেখানে মেজর শওকত ছিলেন, খালেকুজ্জামানও ছিলেন। কর্নেল অলির অনেক সিনিয়র অফিসাররা ছিলেন একই ইউনিটে। সমস্ত কিছুর কৃতিত্ব এখন মৃত্যুর পরে নিতে চাইলে সেটি তো ঠিক হবে না।’’
কর্নেল অলির এ কথায় জিয়াউর রহমানের অবদান প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমিও জেড ফোর্সে ছিলাম। কর্নেল অলি আমার কোম্পানি কমান্ডার ছিলেন। আমি স্টুডেন্ট প্লাটুনের কমান্ডার ছিলাম তার অধীনে।’’
এর আগে নির্বাচনি সভায় রেদোয়ান আহমেদ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে গ্রামের সকলকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম চৌধুরী নোমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু।
ঢাকা/রুবেল//