লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আমরণ অনশনের হুমকি সিপিবি প্রার্থীর
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত না করলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন। তার দাবি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তার প্রচারণার বিলবোর্ড অপসারণ করা হলেও অন্য প্রার্থীদের ক্ষেত্রে একই বিধি প্রয়োগ করা হচ্ছে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সুমন বলেন, ‘‘নির্বাচনে তিনি আইনসম্মতভাবে ২০টি বিলবোর্ড স্থাপন করেছিলেন। নির্বাচন আচরণবিধি পর্যালোচনা করে তিনি নিশ্চিত হয়েছেন, বিধিমালার ১৪ নম্বর দফায় বিলবোর্ডের ক্ষেত্রে রঙিন হওয়া নিষিদ্ধ এমন কোনো নির্দেশনা নেই। একইভাবে বিধিমালার ৭ নম্বর দফার বিভিন্ন উপদফায় অন্যান্য ব্যানার ও ফেস্টুনের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা বিলবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এসব বিষয় যাচাই-বাছাই করে প্রশাসনের অনুমতি নিয়েই বিলবোর্ড লাগিয়েছিলাম। কিন্তু পুলিশ খুলে ফেলেছে।’’
তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে অবহিত করে ২২ জানুয়ারি বিলবোর্ডগুলো স্থাপন করা হলেও কোনো ধরনের নোটিশ ছাড়াই পুলিশ পাঠিয়ে তার বিলবোর্ডগুলো খুলে ফেলা হয়েছে। প্রথমে তিনি ধারণা করেছিলেন, দুর্বৃত্তরা এ কাজ করেছে। পরে নিশ্চিত হন, প্রশাসনের পক্ষ থেকেই বিলবোর্ডগুলো অপসারণ করা হয়েছে।
সিপিবির এই প্রার্থী অভিযোগ করে বলেন, ‘‘সিলেট মহানগরে দুইজন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে প্রতিটি ওয়ার্ডে দুই থেকে তিনশ বিলবোর্ড স্থাপন করেছেন। পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি ও গাছে ফেস্টুন লাগানো, নির্ধারিত সাইজ অমান্য করা এবং সিএনজিচালিত অটোরিকশায় পোস্টার লাগানোর মতো একাধিক অনিয়ম হলেও প্রশাসন বা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’’
‘‘সিলেটে প্রায় ১০ হাজার সিএনজির মধ্যে অধিকাংশতেই ওই দুই প্রার্থীর পোস্টার রয়েছে।’’ উল্লেখ করে তিনি জানান, এসব অনিয়ম উপেক্ষা করে কেবল তার আইনসম্মত বিলবোর্ডগুলো অপসারণ করা হয়েছে, যা স্পষ্টভাবে পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত।
সংবাদ সম্মেলনে টিলাগড় পয়েন্টে একটি বিলবোর্ড অপসারণের ঘটনার কথা উল্লেখ করেন আনোয়ার হোসেন সুমন। তার দাবি, বিলবোর্ড খুলে নেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে একই স্থানে, একই কাঠামো ও একই সাইজে জামায়াতে ইসলামীর প্রার্থীর একটি বিলবোর্ড স্থাপন করা হয়। বিষয়টি তিনি সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করেছেন বলেও জানান।
তিনি বলেন, ‘‘শ্রমজীবী ও মেহনতি মানুষের মধ্যে আমার জনপ্রিয়তা তৈরি হওয়ায় একটি পক্ষ ভীত হয়ে আমার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছে। এতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ন হচ্ছে।’’
ঢাকা/রাহাত//