ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘নানির বাড়ি’ দিনাজপুরে জনসভায় ভোট চাইলেন তারেক 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ৭ ফেব্রুয়ারি ২০২৬  
‘নানির বাড়ি’ দিনাজপুরে জনসভায় ভোট চাইলেন তারেক 

দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘আমি কিন্তু আজ অনেক ভালো আছি। কারণ বহু বছর পর আমি আমার নানির বাড়ি দিনাজপুরে এসেছি। এটা আমার নানা-নানির দেশ। এই মাটির সঙ্গে আমার আত্মার সম্পর্ক জড়িয়ে আছে।’’

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

তারেক রহমান বলেন, ‘‘এই দিনাজপুর শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের শস্যভাণ্ডার। ধানের জন্য দিনাজপুর বিখ্যাত, আর আমাদের নির্বাচনি প্রতীকও ধানের শীষ। ধানের শীষে ভোট দিয়ে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই।’’ 

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে বিরামপুর ও আশপাশের উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

তারেক রহমান বলেন, ‘‘বিগত সরকারের আমলে উত্তরবঙ্গের এই দিনাজপুরে দৃশ্যমান উন্নয়ন হয়নি। এখানকার মানুষ আজও বেকারত্বে ভুগছে। শিক্ষার মান উন্নয়ন হয়নি।  চিকিৎসা ব্যবস্থা মানুষের নাগালের বাইরে চলে গেছে।’’ 

তিনি আরো বলেন, ‘‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে তরুণদের চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরতে হবে না। বিএনপি ক্ষমতায় এলে মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে।’’ 

উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘‘দিনাজপুরকে বলা হয় দেশের শস্যভাণ্ডার। কৃষির উন্নয়ন ছাড়া এই এলাকার উন্নয়ন সম্ভব নয়। আমরা কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করব, আধুনিক কৃষি ব্যবস্থা চালু করব এবং এখানকার সুগন্ধি চালকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তুলব।’’ 

তিনি বলেন, ‘‘দিনাজপুর শুধু ধান নয়, লিচুর রাজ্য হিসেবেও পরিচিত। এখানকার বিখ্যাত লিচু ও আমসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে এই জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব। আমরা চাই, দিনাজপুরের কৃষক ও ব্যবসায়ীরা বিশ্ববাজারে তাদের পণ্যের ন্যায্য মূল্য পাক।’’ 

সরকার গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, ‘‘আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, ধানের শীষে ভোট দেন, আমি কথা দিচ্ছি, আমরা একটি মানবিক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলব।’’ 

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, ‘‘এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এই দেশ জনগণের। জনগণের অধিকার জনগণকেই ফিরিয়ে দিতে হবে। সেই সংগ্রামে আপনাদের পাশে থাকতে চাই।’’ 

জনসভায় দিনাজপুরের ছয়টি আসনের ধানের শীষের মনোনীত প্রার্থীদের জনগণের হাতে তুলে দেন তিনি। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সভাস্থলজুড়ে স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে বিরামপুর সরকারি কলেজ মাঠ। 
 

ঢাকা/মোসলেম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়