নিরাপত্তার চাদরে ঢাকা বন্দরনগরী চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
সেনা সদস্যদের চট্টগ্রাম নগরীতে যানবাহনে তল্লাশি চালাতে দেখা গেছে।
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রাম নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সেনা সদস্যদের নগরীতে তল্লাশি অভিযান চালাতে দেখা গেছে।
টানা ছুটির কারণে নগরীর প্রধান সড়ক ও ব্যস্ত এলাকায় যানবাহন ও মানুষের চলাচল তেমন দেখা যাচ্ছে না। পুরো জেলা ও নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরজুড়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং র্যাবের টহল লক্ষ্য করা গেছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, জেলার ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে ৪০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিটি ভোটকেন্দ্রকে স্ট্রাইকিং ফোর্সের আওতায় আনা হয়েছে। পুলিশসহ সংশ্লিষ্ট সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কোনো কেন্দ্রে সমস্যা দেখা দিলে পাঁচ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছানোর পরিকল্পনাও প্রস্তুত রয়েছে।
তিনি আরো জানান, বর্তমানে জেলায় নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট মিলিয়ে প্রায় ১১৫ জন মাঠে কাজ করছেন। নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি নেই। মোবাইল টিম পুরো জেলায় সক্রিয় রয়েছে।
জেলা প্রশাসক বলেন, পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা বডি অন ক্যামেরা ব্যবহার করছেন। এতে অনিয়মের সুযোগ কমে এসেছে এবং দায় এড়ানোর পথ বন্ধ হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত ডিআইজি হোসাইন মোহাম্মদ কবীর ভুঁইয়া বলেন, নগরী পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে বিকেলে নগরীর টাইগার পাস মোড়ে সাজোয়াঁ যান নিয়ে ব্যাপক তল্লাশি অভিযান চালাতে দেখা গেছে সেনা সদস্যদের।
সেনা সদস্যরা রাস্তায় চলাচলরত বিভিন্ন ধরনের প্রাইভেটকার, মোটরসাইকেল, বাস এবং অন্যান্য ছোট যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে।
ঢাকা/রেজাউল/বকুল