ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী ভোটারে সরব রাজশাহী, এগোচ্ছে ভোটের হার

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৪০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
নারী ভোটারে সরব রাজশাহী, এগোচ্ছে ভোটের হার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর প্রায় সবকটি ভোটকেন্দ্রে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি বেশি দেখা গেছে। অনেক কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন তারা।

জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর ছয়টি আসনে গড়ে ৪৬.১৬ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণের সাড়ে ৬ ঘণ্টায় জেলায় মোট ভোট পড়েছে ৪৬ দশমিক ১৬ শতাংশ। তিনি আশা প্রকাশ করেন, বাকি সময়ে এই হার আরো বাড়বে।

আরো পড়ুন:

জেলা ও মহানগরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী ভোটারদের উপস্থিতিই ছিল বেশি। পবা উপজেলার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, উপস্থিত ভোটারদের বড় একটি অংশ হিন্দু নারী। তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন।

কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মহরম আলী খান বলেন, “সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। পুরুষদের তুলনায় নারী ভোটার বেশি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।”

নওহাটা হলদারপাড়া এলাকার ৭৮ বছর বয়সী রেনুবালা ভোট দিয়ে বলেন, “গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত। বয়স হলেও ভোট দেওয়া আমার দায়িত্ব।”

অন্যদিকে, নওহাটা আলুহাটা এলাকার রুপালী রানী দীর্ঘ ১৭ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “এবার ভোট দিতে পেরে ভালো লাগছে। নিজের মতামত দেওয়ার সুযোগ পেয়েছি।”

দুপুরে দুর্গাপুর উপজেলার শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, নারীদের দীর্ঘ লাইন।

জুলেখা বেগম নামে এক ভোটার বলেন, “আমাদের গ্রামের সবাই ভোট দিতে এসেছে। যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেব।”

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীর ছয়টি আসনে মোট প্রার্থী ৩২ জন। মোট ভোটার ২২ লাখ ৯১ হাজার ২০১ জন। এর মধ্যে নারী ১১ লাখ ৫২ হাজার ৫০৮, পুরুষ ১১ লাখ ৩৮ হাজার ৬৩৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৮ জন। জেলার ৯টি উপজেলা ও মহানগরের ৭৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচন শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ঢাকা/মাহী/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়