ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রূপসায় স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী পলাতক

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
রূপসায় স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী পলাতক

খুলনার রূপসা উপজেলায় স্বামীকে কুড়াল দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন বলে জানিয়েছেন রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর রাজ্জাক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২২ বছর আগে দাকোপের বাজুয়া এলাকার মোহর আলী (৪৫) হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন এবং রূপসার জয়পুর গ্রামের হোসনেয়ারা বেগমকে বিয়ে করেন। এরপর থেকে তারা সেখানেই বসবাস করছিলেন। মোহর আলী ডুমুরিয়ার কৈয়া বাজারে একটি মিষ্টির দোকানে কারিগর হিসেবে কাজ করে সংসার চালাতেন।

নিহতের ছেলে শিমুল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তার বাবা কর্মস্থল থেকে বাড়ি ফেরেন। বাবা-মা পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে তার মা তাদের ঘরের দরজায় নক করেন। তিনি ঘুম থেকে উঠলে দরজা খোলা রাখতে বলে বেরিয়ে যান। পরে শিমুল আবার ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ছয়টার দিকে দুলাভাইয়ের চিৎকারে ঘুম ভাঙে তার। গিয়ে দেখেন, তার বাবা মোহর আলী রক্তাক্ত অবস্থায় নিথর পড়ে আছেন। এ সময় তার মাকে আর বাড়িতে পাওয়া যায়নি। পরে পুলিশে খবর দেওয়া হয়।

শিমুলের দাবি, তার মা হোসনেয়ারা বেগম প্রয়োজনীয় কাপড়চোপড় নিয়ে পালিয়ে গেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

রূপসা থানার ওসি মীর রাজ্জাক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/নুরুজ্জামান/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়