পরাজিত হলেও এলাকার উন্নয়নের ওয়াদা রাখবেন রাশেদ খান
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাশেদ খান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে লড়াই করে পরাজিত হয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তবে পরাজয়ের পরও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণকে যে সব ওয়াদা দেওয়া হয়েছে, সেগুলো পূরণ করা হবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই প্রতিশ্রুতি দেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি ঝিনাইদহ-৪ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘আমার জন্য সবকিছু ছিল নতুন। নানামুখী ষড়যন্ত্র সত্ত্বেও স্বল্পসময়ে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ।’’
বিএনপি ক্ষমতায় আসায় তিনি এলাকার উন্নয়ন এবং নির্বাচনে দেওয়া ওয়াদা রাখা সম্ভব হবে বলে তিনি জানান। তিনি বলেন, ‘‘যেহেতু বিএনপি ক্ষমতায়, ইনশা-আল্লাহ ঝিনাইদহ-৪ আসনের সমস্ত উন্নয়ন বিএনপি সরকারের হাত ধরেই হবে। আপনাদের দেওয়া সমস্ত ওয়াদা রক্ষা করা হবে।’’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে।
ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েও পরাজিত রাশেদ খান দলের সিনিয়র নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি পোস্টে লেখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ নেতারা, যারা পাশে থেকে সাহস যুগিয়েছেন; তাদের ধন্যবাদ।
বেসরকারি ঘোষণা অনুযায়ী ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খাঁন ৫৫ হাজার ৬৭০টি ভোট পেয়েছেন। এ আসনে ১ লাখ ৪ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তালিব।
ঢাকা/সোহাগ/বকুল