রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ, পরিবারের খোঁজ পেল হাসপাতালে চিকিৎসাধীন সিয়াম
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হাসপাতালে সিয়ামের পাশে বাবা-মা
দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর পরিবারের খোঁজ পেয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশু সিয়াম (১১)। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে নাটোর থেকে সিয়ামের বাবা-মা হাসপাতালে দেখতে আসেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে রবিবার সকালে ‘হাসপাতালে পথশিশু সিয়াম, নেই পরিবারের খোঁজ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নাটোরের মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার মৃধার দৃষ্টিগোচর হলে সিয়ামের পরিবারকে জানায়। এছাড়াও সিয়ামের পরিবারের খোঁজ পেতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেছেন শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ।
ট্রেনে পানি বিক্রি করে পরিবারের খরচ জোগাত সিয়াম। ঘুমন্ত অবস্থায় ট্রেন থেকে পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙে যায়। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-উত্তরবঙ্গ রেল পথের টাঙ্গাইলের সাতুটিয়া এলাকা থেকে স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সিয়ামের মা শাপলা বেগম বলেন, আমার তিন ছেলের মধ্যে সিয়াম বড়। বড় ছেলেকে হারিয়ে আমি পাগল হয়েছিলাম। বুকের ধন ফিরে পেয়ে অনেক ভালো লাগছে।
সিয়ামের বাবা জাহাঙ্গীর আলম বলেন, আমার ছেলের সন্ধান পেয়ে আমরা খুব আনন্দিত। আমার ছেলের সুস্থতার জন্য সবার দোয়া ও সার্বিক সহযোগিতা চাই।
শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ বলেন, সিয়ামকে বাবা মায়ের বুকে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আহ্বান থাকবে সন্তানদের যেন অভিভাবকরা মানসিক চাপ প্রদান না করেন। শিশুদের চোখে চোখে রাখেন। শিশুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। কোনো শিশুর শৈশব যেন ধুলো মাখা রাস্তায় হারিয়ে না যায়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ পরিচালক খন্দকার সাদিকুর রহমান বলেন, সিয়ামের এক পায়ের হাড় ভেঙে গেছে। হাসপাতালের সমাজ সেবা থেকে সর্বোচ্চ সহায়তার চেষ্টা করা হচ্ছে।
ঢাকা/কাওছার/ফিরোজ