হাতিয়ার বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ২১
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
এনসিপির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের উপস্থিতিতে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হয়েছে।
সংঘর্ষে বিএনপির একটি অফিস, বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় ২ ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। আহতদের মধ্যে রয়েছে, বিএনপিকর্মী আকবর, হেলাল, রিয়াদ, জাহের, হক সাহেব, লুবনা আক্তার প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজারে আসেন নোয়াখালী-৬ হাতিয়া আসনের সংসদ সদস্য ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি এলাকার নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন। পরে প্রকল্পে মানুষের উদ্দেশ্য ও বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন। বক্তব্য শেষে ফেরার পথে প্রকল্প বাজারে বিএনপির লোকজনের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিএনপির অফিস, দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে নিজের নেতাকর্মীদের নিয়ে সড়কে বসে কিছুক্ষণ অবস্থান নেন মাসউদ।
সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, ‘‘আমি প্রকল্প বাজারে ক্ষতিগ্রস্ত লোকজনকে দেখে আসার পথে স্থানীয় বেলাল ডাকাতের নেতৃত্বে আমার গাড়িবহরের পিছন থেকে হামলা করা হয়েছে। বেলাল ডাকাত আগে আওয়ামী লীগে ছিল, এখন তিনি বিএনপি করে।’’ এ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘‘প্রকল্পে মাউদ উচ্ছৃঙ্খল বক্তব্য রাখেন। এমন বক্তব্যের পর তার দলের নেতাকর্মীরা বাজারে উঠে প্রথমে বিএনপির অফিস ভাঙচুর করে। পরে তারা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাঙচুর শুরু করলে স্থানীয় লোকজন তাদের প্রতিরোধের চেষ্টা করে। এ সময় হান্নানের লোকজন স্থানীয়দের এলোপাতাড়ি মারধর শুরু করলে বিএনপির কয়েকজন নেতাকর্মী এগিয়ে গিয়ে সেটি প্রতিরোধ করার চেষ্টা করে। এতে হেলাল নামের আমাদের কর্মী আহত হয়। পরে হান্নানের লোকজনের দফায় দফায় হামলা চালিয়ে আমাদের নেতাকর্মীসহ অন্তত ১২ জন আহত করে।’’
তিনি আরো অভিযোগ করেন, ‘‘হান্নান নিজে বাজারের পাশে অবস্থান নিয়ে অস্ত্রধারী বহিরাগত সন্ত্রাসীদের উত্ত্যক্ত করে তোলে।’’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’’
ঢাকা/সুজন/বকুল