রায়পুরে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
যুবদল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার আসামি আরমান।
লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেলাল হোসেন মিশোরী (৪৮) হত্যা মামলার প্রধান আসামি আরমানকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (৮ মার্চ) রাজধানী ঢাকার কদমতলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু।
আরো পড়ুন: লক্ষ্মীপুরে মারধরে যুবদল নেতার মৃত্যু
নিহত বিল্লাল হোসেন মিশোরী রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও ব্যবসায়ী ছিলেন।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, গত ৫ মার্চ রায়পুর পৌর শহরের সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি ফলের আড়তের সামনে রিকশা দাঁড় করানো নিয়ে আসামি ও অন্য একজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনাস্থলে উপস্থিত যুবদল নেতা বেলাল হোসেন মিশোরী দুই পক্ষকে শান্ত করতে এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এতে অভিযুক্ত আরমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি বেলাল হোসেন মিশোরীর বুকে এলোপাতাড়ি কিল ঘুষি মারেন। গুরুতর অবস্থায় স্থানীয়রা বেলাল হোসেন মিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত আরমান পলাতক ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবার রায়পুর থানায় হত্যা মামলা করে। মামলায় আরমানকে প্রধান আসামি করা হয়।
তিনি আরো জানান, ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কদমতলী এলাকা থেকে আরমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ