ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত সালেহর মরদেহ বাড়িতে পৌঁছে দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ৯ মার্চ ২০২৬   আপডেট: ২২:০০, ৯ মার্চ ২০২৬
দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত সালেহর মরদেহ বাড়িতে পৌঁছে দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সংযুক্ত আরব আমিতের দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হওয়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা দাস পাড়া গ্রামের সালেহ আহমদের বাড়িতে সোমবার (৯ মার্চ) সকাল থেকেই ভিড় ছিল স্বজনদের। সবার প্রতীক্ষা— কখন আসবে সালেহর মরদেহ। বিকেলে সালেহর মরদেহ তার বাড়িতে পৌঁছে দিতে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী। 

ঘড়ির কাটায় তখন বিকেল ৩টা ২০ মিনিট। সালেহর কফিন বাড়িতে ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা। শেষবারের মতো বিদায় দিতে ভিড় করেন প্রতিবেশীরা। 

সালেহ আহমদের পরিবারের হাতে অর্থ সহায়তা তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এর আগে ছেলে ও ভাইসহ পরিবারের সদস্যরা সালেহ আমদের মরদেহ নিতে সিলেটের এম এ জি ওসমানী বিমানবন্দরে যান। এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী তাদের সান্ত্বনা দেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “মধ্যপ্রাচ্যে সংঘাতে এ পর্যন্ত চার বাংলাদেশির তথ্য জানতে পেরেছি। তার মধ্যে একজন দুবাইয়ে, একজন বাহরাইনে ও দুজন সৌদি আরবে মারা গেছেন। আজ একজনের মরদেহ দেশে আনা হলো। পর্যায়ক্রমে মরদেহ আনা হবে।”

তিনি বলেন, “যারা আহত হয়েছেন, তারা সেসব দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তাদের খোঁজ-খবর নিচ্ছি। পরিবারের সাথেও যোগাযোগ রাখছি। প্রবাসীদের পাশে আমরা আছি।”

নিহতের চাচাত ভাই কামাল আহমদ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, “দুর্ঘটনার পর থেকে সরকারের তরফ থেকে আমাদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়েছে। আমাদের দাবি, আমার ভাইকে যেন শহীদের মর্যাদা দেওয়া হয়।”

সোমবার বিকেল ৫টায় বৃহত্তর গাজিটেকা শাহী ইদগাহ মাঠে সালেহ আহমদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে তাকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি দুবাইয়ে ইফতারের পর পানিবাহী লরি নিয়ে বের হন সালেহ আহমদ। এ সময় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন তিনি। পরে দুই দেশের কূটনৈতিক উদ্যোগে সোমবার তার মরদেহ প্রথমে ঢাকায় আনা হয়। পরে সেখান থেকে আকাশপথে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দর হয়ে সড়কপথে সালেহ আহমদের বাড়িতে মরদেহ নেওয়া হয়।

ঢাকা/আজিজ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়