বাগেরহাটে কিশোরীর শ্লীলতাহানি, বিষপানে আত্মহত্যার চেষ্টা
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের কচুয়ায় এক কিশোরীর (১৫) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে লোকলজ্জার ভয়ে সোমবার (৯ মার্চ) সকালে ওই কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রবিবার সকালে কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের কাকারবিল এলাকায় রাড়িপাড়া ইউনিয়নের মহসিন সরদারের ছেলে রোহান সরদার (২০) ওই কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক যৌন নির্যাতনের চেষ্টা করে। এ সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্ত যুবক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে সোমবার সকালে ওই কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়নি ভুক্তভোগী পরিবার। তবে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ঘটনার পর থেকে অভিযুক্ত রোহান সরদার আত্মগোপনে আছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেছেন, “আমরা গতকাল মৌখিকভাবে ঘটনাটি শুনেছিলাম। কিন্তু, কিশোরীর পরিবারের পক্ষ থেকে তখন কোনো অভিযোগ করা হয়নি। শুনেছি, ওই কিশোরী বিষপান করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা দ্রুত আইনি ব্যবস্থা নেব।”
ঢাকা/আমিনুল/রফিক