ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাদি হত্যার বিচার প্রক্রিয়ার ওপর আস্থা নেই ইনকিলাব মঞ্চের 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ৯ মার্চ ২০২৬   আপডেট: ২১:২৫, ৯ মার্চ ২০২৬
হাদি হত্যার বিচার প্রক্রিয়ার ওপর আস্থা নেই ইনকিলাব মঞ্চের 

সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ অন্যরা

শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হলেও হত্যার মূল পরিকল্পনাকারী ও সহায়তাকারীরা গ্রেপ্তার হয়নি, এ অভিযোগ তুলে চলমান বিচার প্রক্রিয়ার ওপর অনাস্থা প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। এ হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের মাধ্যমে পৃথক তদন্তের দাবি জানিয়েছেন শরিফ ওসমান হাদির প্রতিষ্ঠা করা সংগঠনটির বর্তমান নেতারা।

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

আরো পড়ুন:

তিনি বলেছেন, “সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের কটূক্তি এবং পুলিশের আচরণ নিয়ে বিভ্রান্তি তৈরির কারণে বিচার প্রক্রিয়ার ওপর আমাদের আস্থা নেই। অন্তর্বর্তী সরকার এ হত্যার বিচার চেয়ে জাতিসংঘের কাছে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করার দাবি রইল।”

আব্দুল্লাহ আল জাবের বলেন, “গতকাল থেকে বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল ও কালচারাল ফ্যাসিস্টরা ওসমান হাদি হত্যার দায়ভার তার সহযোদ্ধাদের ওপর চাপিয়ে তাদের হত্যাযোগ্য করে তুলছে। আমরা সরকারের উদ্দেশে বলতে চাই, যারা এসব প্রোপাগান্ডা চালাচ্ছে, তারা আপনাদের দলের কর্মী। আপনারা যদি তাদের না থামান, তাহলে আমরা ধরে নেব, এতে আপনাদেরও মদদ রয়েছে।” 

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, “যিনি গুলি করেছেন, তিনিই কেবল ওসমান হাদিকে হত্যা করেননি। এর পেছনে বড় একটি চক্র জড়িত রয়েছে। তাদের আটকের বিষয়ে প্রশাসনের কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। আমাদের দাবি খুব স্পষ্ট— অতি দ্রুত হাদির খুনিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি, এই হত্যাকাণ্ডে কোন চক্র জড়িত, সেটা উদঘাটন করে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে।” 

তিনি আরো বলেন, “আপনারা মনে করেছেন, ওসমান হাদি বা জুমা-জাবেরকে থামিয়ে দিলে ইনকিলাব মঞ্চকে থামিয়ে দেওয়া যাবে। আমরা আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি, পারলে আপনারা ইনকিলাব মঞ্চকে থামিয়ে দেখান। আমাদের দেহে যতদিন প্রাণ রয়েছে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপস করব না।”

ঢাকা/আরএইচ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়