ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১১ মার্চ ২০২৬   আপডেট: ১৪:০৬, ১১ মার্চ ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি 

হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-উত্তর) মো. রফিকুল হাসান গণি

হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-উত্তর) মো. রফিকুল হাসান গণি বলেছেন, “ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনভাবেই টলারেট করা হবে না। ভাড়া সরকার থেকে নির্ধারন করে দেওয়া হয়েছে। এর বাইরে ভাড়া নেওয়ার সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।” 

পরিবহন মালিকদের উদ্দেশে তিনি বলেন, “যদি ভাড়া আপনার মনে হয় আরো বাড়ানো দরকার, সেক্ষেত্রে আপনারা আগামী বছর সরকারের সঙ্গে বসে ভাড়া বানানোর বিষয়ে কথা বলবেন, দাবি জানাবেন।” 

আরো পড়ুন:

বুধবার (১১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের চন্দ্রা কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

রফিকুল হাসান গণি বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব ঈদ। এই উৎসব পালন করতে ঢাকা ছেড়ে গ্রামে যান মানুষজন। ৬০ লাখ মানুষ ৩-৪ দিনের মধ্যে রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলে যাবে এটা সম্ভব নয়। রাস্তাও আমাদের বাড়ানো সম্ভব নয়। সুতরাং, এই রাস্তাগুলোই যাতে সঠিকভাবে ব্যবহার করা যায়, সেটি নিয়ে কাজ করতে হবে। রাস্তা দখল, রাস্তা পারাপার, গাড়ির ফিটনেস নাই, অতিরিক্ত যাত্রী বহনসহ নানান সমস্যা দেখা দেই ঈদযাত্রায়।” 

পরিবহন মালিকদের উদ্দেশে হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, “আপনারা ফিটনেসবিহীন কোন গাড়ি চালাবেন না। দক্ষ চালক ছাড়া গাড়ি চলতে দেবেন না। মহাসড়কে গাড়ি পার্কিংয়ের সুযোগ নেই।” মহাসড়ক ও ফুটপাতে যেন কোনো দোকান বসতে না পারে, এজন্য তিনি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন। 

গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “ঈদের সময় দেড় কোটি মানুষ শহর থেকে বাড়িতে ফেরেন। উত্তরবঙ্গের ২১টি জেলার মানুষ ঢাকা ও গাজীপুর থেকে এই চন্দ্রা দিয়ে বাড়ি ফেরেন। নিরাপদে যেনো সবাই বাড়ি ফিরতে পারেন, সেজন্য নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে আধুনিক ড্রোন, কুইক রেসপন্স টিম, মোটরসাইকেল টিম ও একটি অ্যাম্বুলেন্স থাকবে।” 

মতবিনিময় সভায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, সড়ক ও জনপথ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী খ. মো. শরীফুল আলম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম ফখরুল হোসাইন, বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়