ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫২, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১১:০৮, ২৯ এপ্রিল ২০২৬
দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ

কাদাজল মাড়িয়ে চলাচল করছেন এলাকাবাসী।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব লেঞ্জাপাড়া এলাকায় প্রায় দেড় কিলোমিটার একটি কাঁচা রাস্তা তিন গ্রামের হাজারো মানুষের যাতায়াতে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় কাদাজল মাড়িয়ে সড়কটিতে যাতায়াত করতে হয় সবাইকে। 

এলাকাবাসীর অভিযোগ, বহুবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের পূর্ব পাশে ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের আলাপুর গ্রামের গোপাট পর্যন্ত বিস্তৃত সড়কটি বহু বছর ধরে কাঁচা অবস্থায় রয়েছে। অথচ, এটি আশপাশের কয়েকটি গ্রামের মানুষের প্রধান যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। আলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসা, জহুর চান মহিলা কলেজ ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অসংখ্য শিক্ষার্থীর যাতায়াতের অন্যতম ভরসা এই রাস্তা। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় পরিণত হয়, বিভিন্ন স্থানে পানি জমে থাকে। ফলে যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। শিক্ষার্থীদের বই-খাতা নিয়ে কাদা ও পানির মধ্যে দিয়ে স্কুল-কলেজে যেতে হচ্ছে।

পথচারী আফরোজ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “পৌরসভার অন্তর্ভুক্ত হলেও লেঞ্জাপাড়ায় তেমন কোনো উন্নয়নের ছোঁয়া নেই। সামান্য বৃষ্টিতেই রাস্তা দিয়ে হাঁটা অসম্ভব হয়ে পড়ে।”

কৃষক আলফু মিয়া বলেন, “আমাদের এলাকা কৃষিনির্ভর। রাস্তার কারণে সময়মতো সার, বীজ ও কীটনাশক আনা যায় না। উৎপাদিত ফসল বাজারে নিতেও চরম দুর্ভোগে পড়তে হয়।”

শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন মোবাইল ফোনে বলেন, “রাস্তাটির বেহাল অবস্থার বিষয়টি আমাদের জানা আছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কার ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

 

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়