গোপালগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আহ্বায়ক কমিটি গঠন প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী আবুল খায়ের (বায়ে), এরপর পাল্টা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এম এম জুল কদর রহমান (ডানে)।
গোপালগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে আইনজীবীদের দুই পক্ষ। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট আবুল খায়ের। তিনি বলেন, ২০২৫ সালের ৩০ জুন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়। কার্যনির্বাহী কমিটির ৮ মাস মেয়াদ উত্তীর্ণ হলেও এখন পর্যন্ত নির্বাচন হয়নি। ফলে গত মঙ্গলবার (১০ মার্চ) আলোচনা করে সাধারণসভা অনুষ্ঠিত হয়। এ সভায় মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০০ জন আইনজীবীর সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নির্বাচনের পূর্ব পর্যন্ত সকল দায়িত্ব আহ্বায়ক কমিটি পালন করবে।
তিনি আরো বলেন, সাধারণ সদস্যরা বারবার অনুরোধ করা সত্ত্বেও নির্বাচন না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন বর্তমান কমিটি।
সংবাদ সম্মেলনে প্রবীন আইনজীবী আজগার আলী, এমএ সেলিম, রবিউল ইসলাম, তৌফিকুল ইসলামসহ আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
বর্তমান কমিটি জেলা আইনজীবী সমিতির নিচ তলায় পাল্টা সংবাদ সম্মেলন করে। সেখানে লিখিত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম এম জুল কদর রহমান।
তিনি বলেন, কমিটির মেয়াদ শেষ হলে নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়নি, এটা ঠিক নয়। নির্বাচন করার উদ্যোগ নেওয়া হলে জাতীয় নির্বাচনের কারণে জেলা প্রশাসনের নির্দেশে নির্বাচন স্থাগিত করা হয়। ফলে নির্বাচন করা সম্ভব হয়নি।
তারা যে আহ্বায়ক কমিটি গঠন করেছেন তা অবৈধ বলে দাবি করেন তিনি।
ঢাকা/বাদল/বকুল