ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের ছুটিতেও সচল থাকবে চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ১৭ মার্চ ২০২৬   আপডেট: ১৪:৪৮, ১৭ মার্চ ২০২৬
ঈদের ছুটিতেও সচল থাকবে চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম সমুদ্র বন্দর। ফাইল ফটো।

ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটিতেও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই লক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং পণ্য খালাসে গতি ধরে রাখতে ঈদের ছুটির সময়ও বন্দর সচল থাকবে। এই লক্ষে সমন্বিতভাবে কাজ করবে বন্দর, কাস্টমস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।

আরো পড়ুন:

বন্দর সূত্র জানায়, বর্তমানে জ্বালানিবাহী একাধিক জাহাজ চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে অবস্থান করছে। সেগুলো থেকে লাইটার ও মাদার ভেসেলের মাধ্যমে জ্বালানি খালাস চলছে। এরই মধ্যে এলএনজি, ডিজেল ও জেট ফুয়েলবাহী আরো কয়েকটি জাহাজ বন্দরে আসার প্রক্রিয়ায় রয়েছে। ঈদের ছুটির সময় এসব জাহাজ যাতে বন্দরের নোঙরে অলস বসে থাকতে না হয় সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বন্দরে আগত জাহাজ দ্রুত খালাসে কাস্টম হাউস বিশেষ টিম গঠন করেছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বন্দর কর্তৃপক্ষ। জ্বালানিবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার দিয়ে বার্থিং দেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তাও অব্যাহত আছে।

ঈদ উপলক্ষে আগামীকাল ১৮ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হলেও বন্দরের কার্যক্রম সচল থাকবে। বিশেষ অনুমোদন ও অতিরিক্ত ফি সাপেক্ষে ছুটির মধ্যেও পণ্য খালাস চলবে। স্বাধীনতা দিবসেও একইভাবে কার্যক্রম চালু থাকবে।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মো. আল আমিন জানান, ছুটির মধ্যেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ স্থানে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন, যাতে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়