ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে হামে আরো এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ২ এপ্রিল ২০২৬  
কক্সবাজারে হামে আরো এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭

কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে মোট তিন শিশুর মৃত্যু হলো।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে কক্সবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের ডেডিকেটেড হাম ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জেসিন নামের ৯ মাস বয়সী শিশুর মৃত্যু হয়।

জেসিন মহেশখালীর ছোট মহেশখালী এলাকার বাসিন্দা নাসিরের মেয়ে।

কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শহিদুল আলম বলেন, “জেসিন হাম ছাড়াও অন্যান্য রোগে ভুগছিল।” 

এদিকে জেলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে হামের প্রকোপ। কক্সবাজার সদর হাসপাতালের হাম ওয়ার্ডে বর্তমানে ৪২ শিশু ভর্তি রয়েছে। কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫ শিশু। দুই হাসপাতাল মিলিয়ে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।

ডা. শহিদুল আলম বলেন, “রোগীর চাপ ক্রমেই বাড়ছে। হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড ও আলাদা নার্সিং ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।”

কক্সবাজার জেনারেল হাসপাতালের সুপারভাইজার ইরফানুল হক সবুজ জানান, “রমজানের মাঝামাঝি সময় থেকে হাম আক্রান্ত শিশু ভর্তি শুরু হয় এবং তা দিনে দিনে বাড়ছে।”

কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, “জেলার মহেশখালী, হোয়াইক্যং, রামুর মিঠাছড়ি, শহরের কালুরদোকান, পাহাড়তলি ও রুমালিয়ারছড়া এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে।”

ঢাকা/তারেকুর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়