ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৬ থেকে ৫৯ মাসের সব শিশু পাবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:৩৮, ৪ এপ্রিল ২০২৬
৬ থেকে ৫৯ মাসের সব শিশু পাবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। ফাইল ফটো।

হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে বিশেষ টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে টিকা দেওয়া না দেওয়া সব শিশুকে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। রবিবার থেকে জরুরি এ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় সংক্রমণ ঠেকাতে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। এসব এলাকায় জরুরি ভিত্তিতে আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে, যাতে দ্রুত সময়ের মধ্যে শিশুদের সুরক্ষার আওতায় আনা যায়।

তিনি আরো জানান, ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। আগে টিকা পাওয়া না পাওয়া সব শিশুকে এই টিকা দেওয়া হবে।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তবে জানানো হয়, বর্তমানে অসুস্থ বা জ্বরে আক্রান্ত শিশুকে টিকা দেওয়া হবে না; সুস্থ হওয়ার পর তারা টিকা পাবেন। হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলও দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়তা করবে।

উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলার মধ্যে রয়েছে, বরগুনা পৌরসভা ও সদর, পাবনা পৌরসভা ও সদর, চাঁদপুর পৌরসভা ও সদর, মহেশখালী, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর, ঈশ্বরদী, আটপাড়া, ময়মনসিংহ সদর, ত্রিশাল, আটঘরিয়া, গোদাগাড়ী, মেহেন্দিগঞ্জ, পোরশা, শিবগঞ্জ, যশোর পৌরসভা ও সদর, নাটোর পৌরসভা ও সদর, ভোলাহাট, লৌহজং, রামু, হাইমচর, তারাকান্দা, মাদারীপুর পৌরসভা ও সদর, বাকেরগঞ্জ, নবাবগঞ্জ (ঢাকা), মুন্সিগঞ্জ পৌরসভা ও সদর, বেড়া, নলছিটি, জাজিরা ও শ্রীনগর।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য এরইমধ্যে টিকা সরবরাহ, কোল্ড চেইন ব্যবস্থাপনা, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ঢাকা/এমএসবি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়