ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়কে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ২১ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:৩১, ২১ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়কে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের জন্য ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে সোমবার রাতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালযয়ের ৩৬ জন এসএসসি পরীক্ষার্থী প্রবেশপত্রের জন্য ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় তাদের যোগ দেন অভিভাবকরাও। ফলে আধাঘণ্টা মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

সোমবার (২০ মার্চ) রাত ৯টার দিকে পৌর শহরের পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতেই প্রবেশপত্র হস্তান্তরের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। 

আরো পড়ুন:

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার পরীক্ষা অথচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের এডমিট কার্ড (প্রবেশপত্র) দেননি। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান হয়নি। তাই অভিভাবকদের সঙ্গে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।

অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতি এবং ফরম পূরণের টাকা সঠিক সময়ে বোর্ডে জমা না দেওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে। এজন্য দায়ী প্রধান শিক্ষকের বিচার দাবি করেন তারা।

সড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান ঘটনাস্থলে যান। ইউএনও রাতেই শিক্ষার্থীদের প্রবেশপত্র সরবরাহের আশ্বাস দেন এবং রাতেই শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার জন্য সঙ্গে করে নিয়ে যান। 

ইউএনও শেখ জাবের আহমেদ বলেন, ‍“আপাতত শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনার জন্য প্রধান শিক্ষককে জবাবদিহি করতে হবে।” 

ঢাকা/মাসুম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়