ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, এখনো ওয়াশিংটনেই জে ডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ২১ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:২৪, ২১ এপ্রিল ২০২৬
ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, এখনো ওয়াশিংটনেই জে ডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু করতে তার পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও, এখনো তিনি ওয়াশিংটনেই অবস্থান করছেন। খবর আল-জাজিরার।

গতকাল সোমবার (২০ এপ্রিল) নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, জে ডি ভ্যান্স ইতিমধ্যেই ইসলামাবাদের পথে রয়েছেন। তবে ট্রাম্পের এই মন্তব্যের পরপরই মার্কিন কর্মকর্তারা বিষয়টি সংশোধন করে জানান, ভ্যান্স এখনো ওয়াশিংটনেই অবস্থান করছেন।

আরো পড়ুন:

এদিকে অ্যাক্সিওস তাদের প্রতিবেদনে তিন জন বেনামী সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনার লক্ষ্যে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জে ডি ভ্যান্স, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে সঙ্গে নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে এই যাত্রা পুরোপুরি নির্ভর করছে একটি বিষয়ের ওপর- ইরানি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে কি না।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন ভাইস প্রেসিডেন্টের মতো উচ্চপদস্থ কেউ দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইসলামাবাদে যাওয়ার পর যদি অপর পক্ষ (ইরান) আলোচনায় না আসে, তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কূটনৈতিক বিব্রতকর অবস্থা।

ওয়াশিংটন ডিসি থেকে আল-জাজিরার অ্যালান ফিশার জানান, যতক্ষণ না প্রকাশ্যে বা নির্ভরযোগ্যভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে যে ইরানিরা পাকিস্তান পৌঁছাবে, ততক্ষণ জে ডি ভ্যান্সের যাত্রা শুরু হচ্ছে না। পর্দার আড়ালে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চললেও এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। জে ডি ভ্যান্সের ইসলামাবাদ পৌঁছানোই হবে এই ইঙ্গিত যে, ইরানও আলোচনার টেবিলে বসতে সম্মত হয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়